বিশ্বকাপের জোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা এখন বিশ্বকাপ ক্রিকেটের শহর। ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। আর খেলা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তার আগেই বিশ্বকাপের আয়োজনকে বরণ করে নিতে প্রস্তুত হয়ে উঠেছে এই শহর। পথঘাটের সাজসজ্জা দেখে শহরটাকে এখন পুরোদস্তুর বিশ্বকাপের শহরই বলা চলে। রাতের বেলা মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের চারপাশের রঙিন বাতি নগরবাসীর বিশ্বকাপের উচ্ছ্বাসটা বাড়িয়ে দিচ্ছে। স্টেডিয়ামের পাশের সড়কেও আলোকসজ্জা করা হয়েছে। এখন মাঝেমধ্যেই রাতের বেলা পরীক্ষামূলকভাবে তা জ্বালানো হচ্ছে। মনোহর স্টেডিয়ামপাড়া দেখতে এখন অনেকেই ছুটে যাচ্ছেন মিরপুর ২ নম্বর সেকশন এলাকায়। কেউ কেউ ঝলমলে স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে ছবিও তুলছেন।ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রথম বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে দেয় খেলা দেখার টিকিট। তবে অনেক চেষ্টার পরও সবার ভাগ্যে জোটেনি টিকিট। তাই ঘরে বসে খেলা দেখতে কেউ এখন নতুন টিভি কিনছেন, কেউ বা টিভিটা মেরামত করিয়ে নিচ্ছেন। বিশ্বকাপ উপলক্ষে নগরে এরই মধ্যে নানা আয়োজন চলছে। ক্রিকেট নিয়ে বিশেষ আয়োজন থাকছে নগর থেকে বের হওয়া দৈনিক পত্রিকাগুলোয়। আবার ক্রিকেট নিয়ে প্রকাশ হচ্ছে নাটক, গান।আয়োজিত হচ্ছে কনসার্ট। শহর ছেয়েযাচ্ছে বিশ্বকাপের ব্যানার আর বাংলাদেশের তারকা ক্রিকেটারদের ছবিসংবলিত বিজ্ঞাপনী বোর্ডে। এসবই এখন মাতিয়ে রাখছে নগরবাসীকে।এদিকে বিশ্বকাপের আগেই বিশ্বকাপের ফিকশ্চার, প্রিয় ক্রিকেট তারকার পোস্টার, ব্যাট, বল, জার্সির মতো স্যুভেনিরও কিনছেন অনেকে। আবার মাঠে নেওয়ার জন্য বাংলাদেশের পতাকা, রুমাল, চার-ছয়ের প্ল্যাকার্ডও কিনছেন কেউ কেউ। বিশ্বকাপ দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের মতো বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানের হলের শিক্ষার্থীরাও দল বেঁধে বিশ্বকাপ ক্রিকেট উপভোগের প্রস্তুতি নিচ্ছেন। ইংল্যান্ডের বার্মি আর্মির আদলে গড়ে ওঠা বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক দলগুলোও প্রস্তুত হয়ে আছে। এর মধ্যে রয়েছে ‘বাংলা ব্রিগেড’। আরও পাওয়া গেল বাংলাদেশ ক্রিকেটের একনিষ্ঠ সমর্থকগোষ্ঠী ‘দৌড়া বাঘ আইলো’ আর ‘বেঙ্গল টাইগার্স’-এর নাম। দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে আকণ্ঠ সমর্থন দিতে, আর প্রতিপক্ষ দলের মধ্যে ভীতি জাগাতে নগরের ক্রিকেটপ্রেমীরা বলা যায় আটঘাট বেঁধেই নামছে।