বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রতিটি ফটকের মুখে সারি সারি মানুষ। সবাই এসেছেন বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে। ১ নম্বর ফটকের পাশে লাইন করা আছে কয়েকটি রিকশা। রিকশা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, ‘এখানে রিকশা কেন?’ বলা যায়, ঢাকার এসব রিকশাই উদ্বোধনী অনুষ্ঠানে চমক দিয়েছে বিশ্ববাসীকে। কারণ, এবারের বিশ্বকাপের দলপতিরা রিকশায় করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রবেশ করেন।ব্যতিক্রমী এই পর্বটির জন্য যাঁকে সবচেয়ে বেশি শ্রম দিতে হয়েছে, তিনি হচ্ছেন টেক্কা মিস্ত্রি। কারণ, রিকশাগুলো তৈরি করা হয়েছে ঢাকার সেরা এই রিকশামিস্ত্রির কারখানায়। তিনি জানান, বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তাঁর এক আত্মীয়। তিনি একদিন হাজির হন তাঁর কারখানায়। বাবুল নামের সেই আত্মীয় প্রস্তাব দেন বিশ্বকাপের জন্য রিকশা বানানোর। তার পরই কাজে লেগে যান টেক্কা। দুই দিন খেটেখুটে দাঁড় করান একটি রিকশা। সেটি নমুনা হিসেবে পাঠিয়ে দেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানের সহযোগী সংস্থা এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেডে। প্রতিষ্ঠানটির মনমতো হয়নি সেটি। ফলে সেখান থেকে ফেরত চলে আসে রিকশাটি। টেক্কা মিস্ত্রি খুব হতাশ হন রিকশা ফেরত চলে আসায়। এবার উঠে-পড়ে লাগেন মনের মতো করে একটি রিকশা বানানোর জন্য। নতুন একটি রিকশা বানিয়ে আবার পাঠান আয়োজকদের সহযোগী প্রতিষ্ঠানে। এবার রিকশাটি নির্বাচিত হয় বিশ্বকাপের আসরে যাওয়ার জন্য। নির্বাচিত রিকশার নকশার ১৪টি রিকশা বানানোর ফরমায়েশ পান টেক্কা। প্রতিটি রিকশা বানানোর জন্য খরচ পান ২২ হাজার টাকা করে। সেটা গত ২৮ জানুয়ারির ঘটনা। তখন রিকশা সরবরাহ করার দিন ঠিক করা হয় ১৪ ফেব্রুয়ারি। মাত্র ১৬ দিনে বানাতে হবে ১৪টি রিকশা। বিষয়টি চ্যালেঞ্জ হিসেবেই নেন টেক্কা মিস্ত্রি। তাঁর কারিগর হাসান জানান, ‘টেক্কা পাঁচ হাজারেরও বেশি রিকশা বানিয়েছেন তাঁর জীবনে। তাঁর কাছে ১৪টা রিকশা বানানো কোনো ব্যাপারই নয়।’মাত্র আট বছর বয়সে রিকশা তৈরির কারিগর হিসেবে নাম লেখান শাহাবুদ্দিন। তারপর হাতের যশে একে একে গড়তে থাকেন চকচকে রিকশা। আর সুনামের সঙ্গে সঙ্গে পেয়েছেন ‘টেক্কা মিস্ত্রি’ নামটি।টেক্কা মিস্ত্রি আদি ঢাকাইয়া, জন্ম বংশালে। বংশাল বালক বিদ্যালয়ের গলিতেই তাঁর নিবাস। আর টেক্কা মিস্ত্রির কারখানাটি সিক্কাটুলীতে। সেখানকার ডিসিসির সুইপার কলোনি মসজিদের পাশের গলিতে টিনের ছোট্ট ঘর। তিনি কাজ শিখেছেন ওস্তাদ নুরুল ইসলামের কাছে। নাজিরাবাজারের চৌরাস্তায় ছিল সেই ওস্তাদের কারখানা। প্রথম দিকে টুকটাক সহায়তার কাজ করতেন টেক্কা। আট-দশ বছর ধরে কাজ শিখেছেন ওস্তাদের কাছে। দক্ষতায় ওস্তাদের সমান হয়ে উঠেছিলেন অল্প বয়সেই। টেক্কা মিস্ত্রির এখন যে কারখানা, সেটা গড়েছেন ২০ বছর আগে। টেক্কা তখন সৃষ্টির নেশায় টগবগে তরুণ। লোকে টেক্কাকে ‘টেক্কা মেকার’ বললেও নিজেকে তিনি দাবি করেন একজন ‘শিল্পী’ হিসেবে।টেক্কার কারখানায় এখন কাজ করেন আটজন কর্মী। এখানে কাজ বলতে কারখানায় রিকশার হুড সেলাই, বডি বানানো, রং-তুলিতে আঁকা, বাজার থেকে সরঞ্জাম আনা-নেওয়া আর ডিজাইনের কাজ। প্রতিটি কাজের জন্যই আছেন আলাদা কর্মী। সবকিছু একসঙ্গে করে রিকশার আদল আনেন টেক্কা মিস্ত্রি নিজে। টেক্কা মিস্ত্রি তাঁর এই কাজের জুতসই একটা নামও বের করেছেন ‘ফিটিংম্যান’।নিত্যনতুন নকশার রিকশা উদ্ভাবনের আগ্রহী টেক্কা মিস্ত্রি। বানাতে পারেন খদ্দেরের চাহিদামতো রিকশা। ঢাকার অনেক সম্ভ্রান্ত পরিবারের জন্য বানিয়েছেন ‘প্রাইভেট রিকশা’। ডিজাইন আর চাহিদা ভেদে একেকটি রিকশা বানাতে খরচ পড়ে গড়ে ১৫ হাজার টাকা। রাস্তায় চলা টেক্কা মিস্ত্রির বানানো রিকশা সহজেই চিনে নেওয়া যায়। রিকশা বানানোর পর রিকশার পেছনে টেক্কা লাগান নিজের নামাঙ্কিত ছাপ। এবারের বিশ্বকাপে থাকা টেক্কার রিকশাগুলোয় বাঘের মুখের আদলে এঁকেছেন ‘টেক্কা মিস্ত্রি’র লোগো।এখন পরিবেশ অধিদপ্তরের চাহিদা অনুসারে বেশ কয়েকটি ময়লা পরিবহনের ভ্যানও টেক্কা মিস্ত্রির অর্ডারে রয়েছে। বিদেশিদের চাহিদামতো রিকশা বানানোর অভিজ্ঞতাও আছে তাঁর। মালয়েশিয়ার ডিজাইন অনুসরণে তিন চাকার একটি প্যাডেল গাড়ির নকশা এখন টেক্কা মিস্ত্রির হাতে। সেটির খুঁটিনাটি নিয়ে এখন মশগুল টেক্কা মিয়া।বিশ্বকাপের জন্যনির্বাচিত রিকশাটির আকার ছিল উচ্চতায় সাত ফুট। আর হুড (টেক্কার ভাষায় কামানি) ছিল সাড়ে চার ফুট। টেক্কা মিস্ত্রি রিকশার উঁচু কাঠামো বানাতে অভ্যস্ত নন। ফলে ছোট্ট টুলের ওপর দাঁড়িয়ে কাজ করতে গিয়ে বার কয়েক পড়ে আহত হন তিনি। আবার বেঁধে দেওয়া সময়ে কাজ করতে গিয়ে দিতে হয়েছে বাড়তি শ্রম। কাজের চাপ আর দেশের জন্য দায়িত্ববোধের তাগিদে ১৬টি দিন নাওয়া-খাওয়া-ঘুম ছেড়েছুড়ে মেতে থাকেন কাজে। টেক্কার জবানিতে, ‘আমি একটা ঘোরের মইদ্যে থাইকা রিকশাগুলান বানাই। ১৪ তারিখে ঠিক বিকেল চারটায় রিকশাসহ হাজির হই আয়োজক প্রতিষ্ঠানের দপ্তরে।’এভাবেই টেক্কার রিকশা গড়ায় বিশ্বকাপের আসরে। রিকশার ভেতর বসে থেকে উঁকিঝুঁকি মেরে যে ক্রিকেট দলপতিরা হাত নেড়েছেন, গ্যালারিতে বসে তাঁদের দেখার ইচ্ছে ছিল টেক্কার। দেখতে চেয়েছিলেন নিজের হাতে বানানো রিকশার পথচলা। আবার মাঠের আলো-আঁধারে চকচকে রিকশাগুলোর ঝিকিমিকি দেখার ইচ্ছেও ছিল টেক্কা মিস্ত্রির। কিন্তু স্টেডিয়ামে গিয়ে আর সেটি দেখতে পারেননি। পুরো উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হয়েছে ঘরে বসে, টিভিতে।টেক্কা মিস্ত্রির একটাই অভিমান, তাঁকে কেন অনুষ্ঠানের টিকিট দেওয়া হলো না? তাঁর গ্যারেজের জ্যেষ্ঠ কারিগর সাজু মিয়া বলেন, ‘টেক্কার ইচ্ছা ছিল অনুষ্ঠানের দিন দলবল নিয়ে মাঠে যাবেন। কিন্তু কর্তৃপক্ষ টেক্কাকে কোনো টিকিট দেয়নি। এটা দুঃখজনক।’তবে উদ্বোধনের দিন রিকশার পেছনে থাকা মুঠোফোন নম্বর দেখে তাঁকে অনেকেই ফোন দিয়েছেন। ফরিদপুরের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা টেক্কা মিস্ত্রিকে ফোন করে বিশ্বকাপের সেই রিকশার মতো একটি রিকশা বানানোর ফরমায়েশও দিয়েছেন।টেক্কা মিস্ত্রি শুনেছেন, তাঁর বানানো রিকশাগুলো ক্রিকেটারেরা পছন্দ করেছেন। এমনকি কোনো কোনো দেশের অধিনায়ক নিজ দেশে রিকশা নিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। সেটা পূরণ করার দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আপাতত টেক্কা মিস্ত্রির ইচ্ছে একটাই, সামনের খেলাগুলোর যেকোনো একটি তাঁর কারখানার কর্মী বাহিনী নিয়ে মাঠে বসে দেখতে চান তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেক্কা মিস্ত্রির ইচ্ছেটা কি পূরণ করবে?