বিশ্বকাপের দুয়োরানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৭ সালের ৮ নভেম্বরের স্মৃতি কি ভুলতে পেরেছেন মাইক গ্যাটিং? ইডেন গার্ডেনের সেই ফাইনালের স্মৃতি কি আদৌ কোনো দিন ভুলতে পারবেন?মনে হয় না। সেই স্মৃতি আসলে কাঁটা হয়ে বিঁধে থাকবে আরও অনেক ইংলিশ সমর্থকের মনে। তত দিন পর্যন্ত, যত দিন না ক্রিকেটের আবিষ্কর্তারা বিশ্বকাপ জেতে! গ্যাটিংয়ের একটা ভুল, অহেতুক এক রিভার্স সুইপে তুলে দেওয়া ক্যাচ যে শেষ পর্যন্ত ম্যাচটাই হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। তিনবার ফাইনালে ওঠা ইংলিশরা শিরোপার সবচেয়ে কাছাকাছি গিয়েছিল সেবারই। হেরে গিয়েছিল মাত্র ৭ রানে।বিশ্বকাপ তাই ইংল্যান্ডের জন্য আক্ষেপের নাম। বিশ্বকাপ এলেই যেন ইংল্যান্ডের পিছু তাড়া করে অপয়া একটা ভূতও। এখন পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে খেলেছে, এমন সব কটি দলই একবার না একবার শিরোপা জিতেছে; শুধু ইংল্যান্ড পারেনি।বিশ্বকাপ দূরের কথা, এক বছর আগেও এমন একটা কথা চালু ছিল, আইসিসির যেকোনো টুর্নামেন্টই ইংল্যান্ডের জন্য বিমাতা। চ্যাম্পিয়নস ট্রফিও তারা জিততে পারেনি একবারও। সেই চক্র ভেঙে ইংল্যান্ড বের হয়ে এসেছে গতবার। পল কলিংউডের দল যখন জিতল টি-টোয়েন্টি বিশ্বকাপ।অনেকেই তাই বলছেন, এই বিশ্বকাপ হবে ইংল্যান্ডের। কিন্তু বিশ্বকাপ-ভাগ্য কি আদৌ পাল্টাবে? ইংল্যান্ড শিরোপা জিততে পারে না, এটা তো একটা মানসিক বাধাও। ম্যাট প্রিয়র অবশ্য বলেছেন, ‘আমরা আগে বিশ্বকাপ জিতিনি বলে কখনো জিতব না, এমন তো কোনো কথা কোথাও লেখা নেই। আমরা আগে কখনো আইসিসির কোনো ইভেন্ট জিতিনি, গতবার তো ঠিকই জিতলাম। দুই যুগ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জিতিনি, এবার তো ঠিকই জিতলাম।’কিন্তু অ্যাশেজে ভালো করার পরও তো ওয়ানডে সিরিজে যাচ্ছেতাইভাবে হারল ইংল্যান্ড। পল কলিংউড জানিয়েছেন, তাঁদের অস্ট্রেলিয়া সফরে সব শক্তি, মনোযোগ অ্যাশেজে ছিল। ওয়ানডে সিরিজ নিয়ে সেভাবে পরিকল্পনাই করা হয়নি। অ্যাশেজ জেতার জন্য ইংল্যান্ড নিজেদের সবটুকু নিংড়ে দিয়েছিল বলেই ওয়ানডে সিরিজে ভর করেছিল ক্লান্তি।ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও আশাবাদী, ‘আমরা খুব সম্প্রতি খুব ভালো ওয়ানডে ক্রিকেট খেলিনি। কিন্তু দল হিসেবে আমরা কিন্তু খুবই দৃঢ়। খুবই সুস্থির। আমাদের মনে হচ্ছে, এই টুর্নামেন্টে আমাদের পক্ষে দারুণ কিছু করে দেখানো সম্ভব।’উপমহাদেশের স্পিন-সহায়ক কন্ডিশনে ইংল্যান্ডের ‘দারুণ কিছু করে দেখানো’র সম্ভাবনা আসলে কতটা? এখানেও আশাবাদী স্ট্রাউস, ‘উপমহাদেশে ভালো করার জন্য আমাদের সব রসদই আছে। দলে অনেক প্রতিভা। খেলোয়াড়েরা উচ্ছল ও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে। শুধু আমাদের দরকার হবে আত্মবিশ্বাস ধরে রাখা।’পাকিস্তানকে প্রস্তুতি ম্যাচে হারিয়ে সেই আত্মবিশ্বাসের রসদটাও ফুয়েল ট্যাংকে ভরিয়ে নিয়েছে ইংল্যান্ড। আজ নাগপুরে সহজ প্রতিপক্ষ হল্যান্ডকে দিয়েও শুরু করতে পারছে বিশ্বকাপ অভিযান। এই অভিযানের যাত্রা ২ এপ্রিল পর্যন্ত চলবে কি না, সেটি শুধু সময়ই জানে। আগের ৯ বিশ্বকাপে১৯৭৫, সেমিফাইনালভারত, নিউজিল্যান্ড, ইস্ট আফ্রিকাকে হারিয়ে সেমিতে। কিন্তু গ্যারি গিলমোরের ‘বাঁ হাতেই’ (৬/১৪) শেষ ইংল্যান্ড। ৯৩ রান করেও লড়েছিল, ৩৯ রানে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়ার ৬ উইকেট। এবার ব্যাটসম্যান গিলমোর (২৮*) দাঁড়িয়ে গেলেন। ১৯৭৯, ফাইনালঅস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান, নিউজিল্যান্ডকে হারিয়ে এবার ফাইনালে ইংল্যান্ড। লর্ডসে ২৫ হাজার দর্শক এসেছিল ইংল্যান্ডের প্রথম শিরোপা জয়ের উৎ সবে শামিল হতে। কিন্তু ভিভ রিচার্ডসের ঝড় এলোমেলো করে দিল সব।১৯৮৩, সেমিফাইনাল ভারতের রূপকথা জন্ম দেওয়ার বিশ্বকাপ। ইংল্যান্ডের দুর্ভাগ্য, সেমিফাইনালে ভারতেরই মুখোমুখি। ভারতীয় বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ২১৩ রানে অলআউট ইংল্যান্ড। ৬ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্য টপকে গেল ভারত।১৯৮৭, ফাইনালএই বিশ্বকাপ ছিল ইংল্যান্ডের বদলা নেওয়ার। প্রতিশোধ তারা নিয়েও ছিল ভারতকে সেমিফাইনালে হারিয়ে। অস্ট্রেলিয়াকে হারিয়ে পঁচাত্তরের প্রতিশোধও নিতে পারত। কিন্তু গ্যাটিংয়ের সেই হঠকারী রিভার্সসুইপ, শেষ পর্যন্ত সাত রানের আক্ষেপ।১৯৯২, ফাইনালআবারও ফাইনালে ইংল্যান্ড। কিন্তু এবার রূপকথার জন্ম দিতে চায় পাকিস্তান। স্মরণীয় হয়ে থাকতে চান ওয়াসিম আকরাম। ব্যাট হাতে ১৮ বলে ৩৩; বল হাতে ইয়ান বোথাম, অ্যালান ল্যাম্ব আর ক্রিস লুইসকে ফেরানো—আকরামের কাছেই ম্যাচটা ২২ রানে হারল ইংল্যান্ড।১৯৯৬, কো. ফাইনালপ্রথম পাঁচ আসরে কমপক্ষে সেমিফাইনালে উঠেও কিছু করতে পারেনি ইংল্যান্ড। ভাগ্যদেবী হয়তো বিরক্তই হয়েছিলেন। পুরো টুর্নামেন্টে মাত্র দুটো জয়। সেই দুটোও আরব আমিরাত আর হল্যান্ডের বিপক্ষে। ১৯৯৯, ১ম রাউন্ডবিশ্বকাপ আবার ফিরল ইংল্যান্ডে। কিন্তু যাবতীয় প্রত্যাশার সমাধি প্রথম রাউন্ডেই। নেট রানরেটের হিসাবে পিছিয়ে পড়ে সুপার সিক্সে যেতে পারল না ইংল্যান্ড।২০০৩, ১ম রাউন্ডইংল্যান্ডের আরেকটি হতাশার বিশ্বকাপ। এবারও প্রথম রাউন্ড থেকেই বিদায়। স্বৈরাচার মুগাবে সরকারের কারণে ইংল্যান্ড সেবার জিম্বাবুয়েতে গিয়ে খেলতে রাজি হয়নি। ওয়াকওভার পেয়েছিল জিম্বাবুয়ে। ওই ম্যাচের পয়েন্টই শেষ পর্যন্ত প্রথম রাউন্ড থেকে বিদায়ের বড় কারণ হয়ে দাঁড়ায়।২০০৭, সুপার এইটবিশ্বকাপটাও খুব একটা ভালো যায়নি। কানাডা-কেনিয়ার মতো দলকে হারিয়ে সুপার এইটে। কোয়ার্টার ফাইনালে তিনটা জয়, দুটো আয়ারল্যান্ড আর বাংলাদেশের বিপক্ষে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছিল। কিন্তু সেমিফাইনালে যেতে হলে আরেকটি জয় লাগতই।