বিশ্বকাপের নিমন্ত্রণে গেলে বশিরকে গ্রেপ্তার করবে দ. আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার অন্য নেতাদের মতো সুদানের ওমর আল-বশিরকেও ওই মহাদেশে অনুষ্ঠেয় প্রথম বিশ্বকাপ ফুটবলের আসরে নিমন্ত্রণ করেছে দক্ষিণ আফ্রিকা। তবে প্রেসিডেন্ট জ্যাকোব জুমা বলেছেন, বশির যদি সত্যি সত্যি নিমন্ত্রণ রক্ষা করতে যান, তবে তাঁকে গ্রেপ্তার করা হবে।যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বশিরকে গ্রেপ্তার করার জন্য খুঁজছেন। বশির অবশ্য পশ্চিম দারফুর অঞ্চলে গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন চালানোর আদেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর বশির গত বৃহস্পতিবার সুদানের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন। তিনি বিশ্বের একমাত্র ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যাঁর বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পার্লামেন্টে এক প্রশ্নের জওয়াবে প্রেসিডেন্ট জুমা বলেন, ‘১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আফ্রিকার সব নেতাকে নিমন্ত্রণ করা হয়েছে। বশির যদি নিমন্ত্রণ গ্রহণ করে ওই অনুষ্ঠানে যোগ দেন, তবে তাঁকে গ্রেপ্তার করা দক্ষিণ আফ্রিকার দায়িত্ব।’গত বৃহস্পতিবার পার্লামেন্টের এক সেশনে জুমা বলেন, ‘দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা করে এবং আমরা অবশ্যই (আইসিসি সংবিধিতে) স্বাক্ষর করেছি, আমরা আইন মেনে চলি।’ জুমা আরও বলেন, বশিরকে গ্রেপ্তার করা হলে সুদানে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে, এই যুক্তিতে আফ্রিকান ইউনিয়ন আদালতকে তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া থেকে আপাতত বিরত থাকতে বলেছে বটে, কিন্তু গ্রেপ্তারি পরোয়ানাটি নাকচ করেনি।জুমা বলেন, ‘আফ্রিকান ইউনিয়ন আমাদের এ কথা বলেনি যে আমরা বশিরকে গ্রেপ্তার করতে পারব না... দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা করে।’ গত বছর আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর বশির দেশের বাইরে যাওয়া কমিয়ে দিয়েছেন। তবে তিনি সৌদি আরব, লিবিয়া, ইরিত্রিয়াসহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন বন্ধুভাবাপন্ন দেশ সফর করে তাঁর স্বাতন্ত্র্য তুলে ধরার চেষ্টা করেছেন।—রয়টার্স