বিশ্বকাপের নিরাপত্তার আশঙ্কা উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র কয়েক মাস পরই দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের বর্ণিল আসর। এবারের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশ্বকাপকে কেন্দ্র করে সমগ্র ফুটবল বিশ্বের মনোযোগের কেন্দ্রে যখন আফ্রিকা, ঠিক তখনই অ্যাঙ্গোলায় আফ্রিকান কাপ অব নেশনস প্রতিযোগিতা শুরু হতে যাওয়ার আগে ঘটে গেল ফুটবল ইতিহাসের এক নজিরবিহীন দুঃখজনক ঘটনা। গত শুক্রবার অ্যাঙ্গোলার কাবিন্দা প্রদেশে এই টুর্নামেন্ট খেলতে গিয়ে নিজেদের টিম বাসে গুলিবর্ষণের শিকার হয়েছেন টোগোর খেলোয়াড়েরা। এ হামলায় গুরুতর জখম হওয়ার এক দিন পর গতকাল শনিবার মারা গেছেন টোগোর যোগাযোগ কর্মকর্তা স্তানিসলাস ওকলু ও সহকারী কোচ আবালো আমনালেটে। এ ছাড়া আহত হয়েছেন দলের আরও নয়জন ফুটবলার।এই হামলায় ইতিমধ্যেই সংশয়াচ্ছন্ন হয়ে পড়েছে আফ্রিকান কাপ অব নেশনস প্রতিযোগিতা। টোগো দল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা আর এ প্রতিযোগিতায় খেলবে না। নিরাপত্তার কারণে অন্য দলগুলোও আপত্তি জানাতে পারে বলে জানা গেছে। তবে অ্যাঙ্গোলার এ ঘটনা আগামী জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের আকর্ষণকে ফিকে করে ফেলবে কি না, এমন কথাও কেউ কেউ বলা শুরু করেছে। এ রকম আশঙ্কাকে এক প্রকার উড়িয়েই দিয়েছেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আয়োজক কমিটির একজন মুখপাত্র। তিনি বলেন, অ্যাঙ্গোলায় যা ঘটেছে, তা দুঃখজনক ও বিচ্ছিন্ন একটি সন্ত্রাসী ঘটনা। একে সেভাবেই দেখা উচিত। এ ঘটনা আগামী জুনের বিশ্বকাপকে প্রভাবিত করতে পারবে না। তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকা অ্যাঙ্গোলা নয়।দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী যুগের পতনের প্রায় দেড় যুগ পর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের আয়োজক হওয়ার সম্মান পেয়েছে তারা। এর আগে ক্রিকেট ও রাগবি বিশ্বকাপ আয়োজনের গৌরবে গৌরবান্বিত এ দেশটি। বিশ্বকাপ ফুটবলের মতো একটি বড় প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশটির সরকার ও বিশ্বকাপের আয়োজক কমিটি যৌথভাবে এর সফল আয়োজনের ব্যাপারে সচেষ্ট। তারা যেকোনো ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছে। বিশ্বকাপের পথে, গত বছরের জুনে দেশটি কনফেডারেশন কাপ অত্যন্ত সফলভাবে আয়োজন করেছে।তবে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের নিরাপত্তা প্রশ্নে সংশয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন দেশটির সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ নামের একটি সংস্থার নির্বাহী পরিচালক জ্যাকি কিলিয়ার্স। তিনি বলেন, ‘অ্যাঙ্গোলার এই ভয়াবহ ঘটনায় আমরা সবাই বিচলিত। তবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে অ্যাঙ্গোলার তুলনা করা খুবই অন্যায় হবে। কারণ, অভ্যন্তরীণ সম্পদ, নিরাপত্তাব্যবস্থা—সব দিক দিয়েই এই দুটি দেশের ব্যবস্থাপনা ভিন্ন। দক্ষিণ আফ্রিকার নিরাপত্তাব্যবস্থা বিশ্বের সর্বাধুনিক। দেশটির সীমান্তও অনেক বেশি সুরক্ষিত। ’ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব হাল সিটির কোচ অবশ্য বলেছেন, অ্যাঙ্গোলায় টোগো ফুটবল দলের টিম বাসে হামলার ঘটনা, দক্ষিণ আফ্রিকার আগামী বিশ্বকাপকে সংশয়াচ্ছন্ন করেছে। তিনি বলেন, খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে কারোরই লটারির আশ্রয় নেওয়া ঠিক হবে না। তবে এ আশঙ্কাকে অমূলক বলে মন্তব্য করেছে আয়োজক কমিটি। তারা বলেছে, আগামী বিশ্বকাপের খেলা উপভোগ করার জন্য প্রায় ৪৫ হাজার ফুটবলামোদী ইতিমধ্যেই টিকিট কিনেছে। আমার মনে হয়, তারা দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্গোলা, ইংল্যান্ড, পাকিস্তান প্রভৃতি দেশের নিরাপত্তা ও অভ্যন্তরীণ সামর্থ্য সম্পর্কে ওয়াকিবহাল।