বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারাল ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবলের ১০০ দিন বাকি থাকতে লন্ডনের অ্যামিরেটস স্টেডিয়ামে দুঙ্গার ব্রাজিল রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নিজেদের জাতটা চিনিয়ে দিল। আবার প্রমাণিত হলো ব্রাজিল কেন বিশ্বকাপ ফুটবলে সর্বকালের ফেভারিট। কেন এই দলটিকে নিয়ে এত আলোচনার ঝড়।বাংলাদেশ সময় মঙ্গলবার গভীর রাতে অনুষ্ঠিত খেলায় ব্রাজিলের জয়ের নায়ক ছিলেন রবিনহো। নিজে একটি গোল দিয়ে এবং অপর গোলে অবদান রেখে তিনিই গতকাল ছিলেন আলোচনার কেন্দ্রে। ইংল্যান্ডের মাটিতে রবিনহোর কালকের রাজসিক প্রত্যাবর্তনে কেবল নিজ দেশ ব্রাজিলকে জেতানো নয়, রবিনহোর প্রমাণ করার ছিল অনেক কিছু। গত জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি তাঁকে বাজে ফর্মের কারণে দল থেকে ছেড়ে দিয়েছিল। ফর্মহীনতার কারণে ম্যানচেস্টার সিটির কাছে বোঝা হয়ে যাওয়া রবিনহো আশ্রয় নিয়েছিলেন স্যান্টোসে। কাল সেই ইংল্যান্ডের মাটিতে রবিনহো নিজের জাতটাও সবাইকে চিনিয়েছেন। খেলায় অবশ্য ব্রাজিল প্রথম গোল পায় আত্মঘাতী থেকে। বিরতির কিছু সময় আগে রবিনহোর একটি দুর্দান্ত ক্রস ফেরাতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন আয়ারল্যান্ডের কেইথ অ্যান্ড্রুস। দ্বিতীয়ার্ধে রবিনহো নিজেই দলের পক্ষে দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন। কাল ব্রাজিল খেলতে নেমেছিল ৪-২-২-২ পদ্ধতিতে। দুঙ্গার এই আক্রমণাত্মক ছক অনেকটাই ব্রাজিলের চির দুর্বল রক্ষণ ভাগকে নির্ভরতা দিয়েছে। রক্ষণে গিলবার্তো ও ফিলিপ মেলো চমত্কার খেলেছেন। তবে ম্যাচে প্রথম গোলের সুযোগটা কিন্তু পেয়েছিল আয়ারল্যান্ডই। পল ম্যাকশ্যেন ও কেভিন ডোয়েল দ্বৈরথে সুন্দর একটি গোলের সুযোগ তৈরি করেছিল আয়ারল্যান্ড। এ দুজনের যৌথ আক্রমণে বল কেনের কাছে আসে। কিন্তু কেনের তীব্র শট দর্শনীয়ভাবে প্রতিহত করেন ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজার। এর কিছুক্ষণ পর ডাফের ক্রস থেকে ডোয়েলের হেড ফিস্ট করে রক্ষা করে আরও একবার ব্রাজিলকে বিপদ থেকে রক্ষা করেন জুলিও সিজার।বিরতির আগে ব্রাজিল প্রথম গোল করার মতো সুযোগ হাতছাড়া করে। পোস্টের ২৫ গজ দূরে কাকাকে ফাউল করলে, আদ্রিয়ানোর ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরে আসা বলে আদ্রিয়ানো আবার শট নিলে তা বার উঁচিয়ে চলে যায়। ম্যাচের ৪৪ মিনিটে ব্রাজিল গোল করে এগিয়ে যায়। রবিনহো আয়ারল্যান্ডের অফসাইড ফাঁদ ভেঙে বেরিয়ে আইরিশ গোলমুখে ক্রস করেন। বিপত্সীমায় দাঁড়িয়ে থাকা অ্যান্ড্রুসের পায়ে লেগে দুর্ভাগ্যজনকভাবে জালে জড়িয়ে যায়।খেলা শেষ হওয়ার ১৪ মিনিট আগে ব্রাজিল দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে। দ্বিতীয় গোলটি ছিল চোখ ধাঁধানোই কেবল নয়, সব মিলিয়ে একটি অনিন্দ্য ‘ব্রাজিলীয় ঢং’য়ের গোল। ২৯টি পাসের পর রবিনহো কেবল বলের গন্তব্য নিশ্চিত করেন। এ গোলের পর আয়ারল্যান্ড আরও কয়েকটি আক্রমণ করেও গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি। ফেভারিটের তকমা গায়ে এঁটেই বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত প্রস্তুতি শুরু করল ‘সাম্বা’ দেশের ফুটবলশিল্পীরা।