বিশ্বকাপের প্রাপ্তিযোগ
বয়স গড়ে বছর দশেক হবে। ছয়-সাতজন খুদে ক্রিকেটার একমনে অনুশীলন করছিল ধানমন্ডি মাঠের কোণে। ন্যাড়া মাঠের ধূলিধূসরিত বিকেলে ওদের মুখগুলো উদ্যমে উজ্জ্বল। অনুশীলনে বিরতি নিয়ে সবাই যার যার ব্যাগ থেকে পানির বোতল খুলল। পানি পান করল একেবারে ক্রীড়াবিদের পেশাদারি কায়দায়। দু-একজনের পরনে বাংলাদেশ দলের জামা। বাকিরা হয়তো জোগাড় করতে পারেনি। অনুশীলন হচ্ছিল সাদা বলে। কাছে পেয়ে জিজ্ঞাসা করলাম, সাদা বলে খেলছ কেন? লাল বল নেই? উত্তর এল—বিশ্বকাপ না, বিশ্বকাপে তো সাদা বলে খেলা হবে।সপ্রতিভ উত্তরে সন্তোষ প্রকাশ করা ছাড়া উপায় নেই। বিশ্বকাপের প্রভাব যে কত গভীরভাবে এই শিশুদের ওপর পড়ছে, বুঝতে পারলাম। বুঝতে পারলাম, এরা শুধু খেলার উপকরণ, কেতা-কায়দা, তারকা-স্তুতিতে আটকে থাকার ক্রিকেট প্রজন্ম নয়। আসন্ন বিশ্বকাপ থেকে ক্রিকেটের কারিগরি ও কৌশলের বিষয়েও অনেক কিছু আহরণ করে আত্মস্থ করবে যত্নের সঙ্গে। নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের অনুপ্রেরণা ওদের ক্রিকেট-নিষ্ঠায় যুক্ত করবে দ্রুত অগ্রধাবনের অনন্য মাত্রা। কোনো ফাঁক নেই, বিশ্বকাপের এ নগদ প্রাপ্তি পকেটে ঢোকা শুরু হয়ে গেছে। জলপান শেষ, ওরা আবার অনুশীলনে নামতে ব্যস্ত হয়ে পড়ল। ওদের বিশ্বকাপ-ভাবনার সঙ্গে পরিচিত হতে জানতে চাইলাম, কে জিতবে বিশ্বকাপ? সামান্য সময় না নিয়ে কোরাস কণ্ঠে ত্বরিত জবাব এল—বাংলাদেশ। প্রত্যয়ী ও বলিষ্ঠ উচ্চারণ—বাংলাদেশ। কচি কণ্ঠের কলকল যেন এক মহামন্ত্র ধ্বনি হয়ে দশদিগন্ত মুখর করে ছুটল, ওরা ছুটল আবার খেলার জায়গায়। আমার কানে আটকে রইল ওদের বিশ্বাস, ওদের অন্তর্গত তাগিদ থেকে উঠে আসা স্বপ্নের চিত্রায়ন। ইশ, ওদের মতো আন্তরিক বিশ্বাস থেকে যদি এ মুহূর্তে উচ্চারণ করতে পারতাম—এবার বিশ্বকাপ জিতবে বাংলাদেশ। আমার গলার ভেতর এক রূঢ় বাস্তবতার ঢেলা। চোখের সামনে ভাসে বিশ্বকাপের সুবর্ণ আকার, কিন্তু অন্তরে টুংটাং বেজে চলে নির্মলেন্দু গুণ—‘সময় বসে ভেংচি কাটে/ এক্ষুনি নয় সব/ আমিও বুঝি তোমাকে পাওয়া/ একটু অসম্ভব’।ওই খুদে ক্রিকেটারদের নির্দ্বিধা উচ্চারণও এক ধরনের বাস্তবতা। বয়স্ক ভাবনা তাতে সুর মেলাতে না পারলেও ওটা এ মুহূর্তের জাতীয় আবেগী উচ্চারণ। এ আবেগ মোক্ষণে যাঁদের কার্যকর ভূমিকা রাখার কথা, সেই জাতীয় দলের ক্রিকেটাররা তাঁদের শৈশবে বিশ্বকাপ জেতার কথা ভাবেননি। ভাবার অবকাশ ছিল না। ভেবেছেন বিশ্বকাপ খেলার কথা। তাঁদের সামনে তখন সেটাই দূর লভ্য স্বপ্ন ছিল। তাঁরা আজ খেলছেন। তাঁদেরই সাধনায় সময়ের সঙ্গে সঙ্গে স্বপ্নের বিস্তৃতি ঘটেছে। আজকের শিশু ক্রিকেটার বিশ্বকাপ জেতার কথা ভাবছে। সে একদিন শিরোপার জন্য খেলতে নামবে, এবং জিতবে। এবারের বিশ্বকাপ সেই ইতিহাসের ধারায় সত্যকে ত্বরান্বিত করার উপলক্ষ হয়ে উঠুক। আর সেটুকু হয়ে ওঠার জন্য বিশ্বকাপের এ পর্বে কোয়ার্টার ফাইনাল পর্যায়ে পৌঁছানোটাকে প্রত্যাশার সীমায় টেনে আনা হচ্ছে যৌক্তিক ভাবনার মাপকাঠিতে। শেষ আটে আমরা আগেও পৌঁছেছি। অভিজ্ঞতা আছে বলা যায়, সামর্থ্যও আছে। নিজেদের ওপর বিশ্বাসও বেড়েছে অর্জনের সূত্রে। তবুও এ লক্ষ্যমাত্রা অর্জনের পথ যে খুব একটা মসৃণ, তেমনটা বলা যাবে না। আবার ওই লক্ষ্যমাত্রা অসম্ভবের বলয়েও বাঁধা নয় মোটেই।আমাদের প্রতিপক্ষদের বিচার করলে আমরা দেখি, টেস্ট পরিবারের বাইরের আয়ারল্যান্ড ও হল্যান্ড আমাদের পরিবেশে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। ওদের পরাভূত করা সহজসাধ্য এবং করতেই হবে। অবশিষ্ট ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দলীয় সামর্থ্য ও প্রস্তুতির প্রাবল্যে ওরা সবাই এ মুহূর্তে অনেকটাই এগিয়ে। এদের মধ্যে অন্তত দুটি দলকে হারাতে পারলে দ্বিতীয় পর্বে যাওয়া নিশ্চিত করা যায়। একটি দলকে হারালেও চলতে পারে, যদি ওই দল সমমানের অন্যদের সঙ্গে না জেতে। সে এক জটিল সমীকরণ। সরল কথায়, গ্রুপ পর্বে চারটি খেলা জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। ডাচ ও আইরিশদের কথা বাদ দিলাম। র্যাঙ্কিং সূত্রে ওদের ওপর প্রাধান্যটা আছে। একই সূত্রে আমাদের নিকটতম শিকার হতে পারে ওয়েস্ট ইন্ডিজ। বাকি তিন দল—ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সঙ্গে লড়াইগুলো সার্বিক অর্থে অসম। ওরা সবাই অনেকটাই এগিয়ে। তবে ভরসার স্থল হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলায় দুর্বলতর দলের প্রধানতম যে শক্তিসমূহ—পরিবেশের আনুকূল্য, দলীয় সংহতি এবং এক ঝাঁক বিশ্বমানের তারকার স্ফুরণ ক্ষণ—তা প্রবলভাবে আমাদের পক্ষে, প্রবল প্রতিপক্ষের দুঃসময়ের অপেক্ষা এখন আমরা আর করি না। ওদের চাইতে ভালো খেলে জেতার পাঠটা ইতিমধ্যে আমরা মোটামুটি নিয়ে নিয়েছি। সুতরাং, প্রতি ম্যাচেই জেতার চিন্তাটা আকাশকুসুম কল্পনামাত্র নয়।আমাদের প্রবলতর চার প্রতিপক্ষের দিকে তাকালে দেখি, বিশ্বকাপের প্রাক্কালে আন্তর্জাতিক ক্রিকেটসূচির কল্যাণে ওরা সবাই খুব পোক্ত অনুশীলনে আছে। ভারত-দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজগুলো বিশ্বকাপের এক মাসের সীমানায় অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে আমরা নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছি মাস দুই আগে। দুই মাস আগে হলেও নিজ মাঠে নিজেদের শক্তিমত্তা সম্পর্কে অনেক গভীর আস্থা জুটিয়েছে এ দুটি সিরিজ। তারপর আমাদের খেলোয়াড়েরা ম্যাচ প্রস্তুতি হিসেবে পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের শক্ত প্রতিযোগিতা। তবু যতই শক্ত হোক, আন্তর্জাতিক ক্রিকেটের বিকল্প নয় সেগুলো। তবে এ ক্ষেত্রে আমাদের করণীয় কিছু ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটসূচি তো আর আমাদের পরিকল্পনার আওতায় নেই। অবশ্য বিশ্বকাপের আগে আগে আমরা দুটো প্রস্তুতি ম্যাচ পেয়েছি। ম্যাচ-অনুশীলনের বাইরে আমাদের বিশ্বকাপ প্রস্তুতি যথাসাধ্য ভালো বলেই গণমাধ্যম জানান দিয়ে যাচ্ছে।বিশ্বকাপের প্রাক্কালে আমরা নিয়তির হাতেও একটি ভারী ধাক্কা খেয়েছি, মাশরাফিহীনতা আমাদের অনেকটা হীনবল করেছে, সন্দেহ নেই। মাশরাফি না থাকায় প্রতিপক্ষের প্রস্তুতিপর্বে বাড়ির কাজ সহজতর হয়েছে। টার্গেট প্লেয়ার হিসেবে তামিম ও সাকিব ছাড়া বাংলাদেশের আর কাউকে নিয়ে ওরা বেশি ভাববে না। তবে আমরা ভরসা রাখি বিশ্বকাপের পর ওদের ভাবতে হবে আরও একাধিক জনকে নিয়ে। এই টার্গেট প্লেয়ার বিষয়টা নিয়ে আমাদের প্রশিক্ষককে প্রযুক্তির সংযোগে অনেক বেশি পরিকল্পনা করতে হবে, রণকৌশল আঁটতে হবে অনেক যত্নে। একাই যেকোনো খেলা ওলটপালট করে দিতে পারে এমন খেলোয়াড় প্রতিপক্ষে অনেক। ভারতে শেবাগ, ইউসুফ পাঠান, হরভজন, অন্যদের কথায় না-ই গেলাম। দক্ষিণ আফ্রিকার ক্যালিস, ডি ভিলিয়ার্স, ডুমিনি, স্টেইন। ইংল্যান্ডের স্ট্রাউস, বেল, অ্যান্ডারসন, সোয়ান। ওয়েস্ট ইন্ডিজের গেইল, সারওয়ান, চন্দরপল। আমাদের তামিম, সাকিবরাও পারেন যেকোনো দুঃসময়কে নিজেদের পক্ষে ফিরিয়ে আনতে। পারেন সাকিবের অন্য সেনারাও। এবারের বিশ্বকাপে এ রকম দৃশ্যপট রচিত হতে আমরা অবশ্যই দেখব। দেখতে দেখতে যদি দ্বিতীয় পর্যায়ে যাই, তবে দ্বিতীয় স্বপ্ন রচনার সিঁড়িটা ছোঁয়া যাবে। সে পর্বের ভাবনা তোলা থাক।ফলাফল কোথায় নিয়ে দাঁড় করাবে, সেটা এক অনিশ্চিত যাত্রা। খেলাটাই তো এ রকম। ভালো কিছুর জন্যই তো আশায় বুক বাঁধা। সামর্থ্য জানি, সাধ্যসীমা ডিঙিয়ে যাওয়ার সামর্থ্য গোপনে ধারণ করি। তাই দুর্বলতা সম্পর্কে সচেতন থাকার পরও কোয়ার্টার ফাইনাল স্পর্শ করার বিশ্বাসটা সজোরে উচ্চারণ করি।জাতীয় দল এবারের বিশ্বকাপে প্রত্যাশা কতটা পূরণ করবে, তা নিয়ে আর আলোচনা না করে বিশ্বকাপ যে আমাদের নানাবিধ ক্রিকেটীয় অর্জনের উপলক্ষ নিশ্চিতভাবে হতে পারে, সেটা একটু খতিয়ে দেখা যাক। বরাবর যেমন হয়, বিশ্বকাপের রেশ চলে অনেক দিন বিশ্বময় ক্রিকেটচর্চায়। আমাদের ক্রিকেট-মনস্কতা আয়োজক দেশ হিসেবে এবারের রেশটুকু ধরে রাখবে আরও গভীরভাবে। আমাদের ভবিষ্যৎ ক্রিকেট প্রজন্ম অভিযোজিত হবে অত্যাধুনিক ক্রিকেটচর্চার ধারায়। তরুণ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীরা অনুপ্রাণিত হবে তাদের ক্রিকেটচর্চা বেগবান করতে। বাড়বে আমাদের সাংগঠনিক অভিজ্ঞতা, বাড়বে আমাদের মাঠ, মাঠে মাঠে টার্ফ উইকেটের সংখ্যা। অনুশীলনের পরিবেশ গুরুত্ব পাবে আমাদের চিন্তায়। জেলায়-উপজেলায় ক্রিকেট প্রশিক্ষকেরা নিয়োজিত হবেন সম্মানিত জীবনযাপনের আর্থিক বিনিময়ে। পৃষ্ঠপোষক ও স্বেচ্ছাসেবী ক্রিকেট সংগঠকের আনাগোনায় মুখর হবে ক্রিকেটাঙ্গন। সারা দেশের ক্রিকেটচর্চায় আসবে নিয়মনিষ্ঠ আদল। আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেট হয়ে উঠবে সর্বার্থে টেস্ট র্যাঙ্কিংয়ে অনেক ওপরে থাকা দেশগুলোর মতো সমান গুরুত্বের। আমরা ক্ষমতার চেতনায় ক্রিকেট চালাব, না ক্রিকেটের চেতনায় ক্ষমতা চালাব—তারও একটা দিকনির্দেশনা পেয়ে যাব আমাদের বাড়ির উঠানের বিশ্বকাপ থেকে। বিশ্বকাপের নিশ্চিত প্রাপ্তিগুলো যেন আমরা অবশ্যই নিশ্চিত করি। বিশ্বজনের মাঝে যেন আমাদের মান বাড়ে খেলা নিয়ে, খেলার মহামেলা নিয়ে।