বিশ্বকাপের বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাটি যখন পড়ছেন, তখন নতুন বছরের দ্বিতীয় সূর্যটিও দেখা হয়ে গেছে। নতুন বছর সব সময়ই সুন্দরের স্বপ্ন দেখায়। ২০১১-ও দেখাচ্ছে। এ বছর লোডশেডিং কমে যাবে। আমরা ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যাব আরও অনেক অনেক ধাপ। তীব্র যানজট থেকে মুক্তির কোনো উপায় নিশ্চয়ই বেরিয়ে যাবে এ বছর। সবুজে সবুজে ভরে উঠবে ফসলি জমি। স্বপ্ন তো দেখাই যায়!সমস্যা হলো, প্রতিটা বৈশাখ-জানুয়ারিতেই আমরা এ রকম স্বপ্নারোহী হই। তারপর বছর ঘুরে চৈত্র আসে, আসে ডিসেম্বর। স্বপ্ন তত দিনে খরায় ফেটে যাওয়া কোনো চৌচির জমি কিংবা শীতে জবুথবু জীর্ণ একটা শরীর! কী পেলাম, কী হারালামের হিসাব কষতে কষতে বর্ষশুরুর আবেগ বর্ষশেষে পরিণত হয় অতৃপ্তিতে।আশার কথা, ২০১১ কিছুটা হলেও স্বপ্নপূরণের সম্ভাবনা নিয়ে এসেছে। বছরটা যে বিশ্বকাপ ক্রিকেটের! বিশ্বাস না হলে ফেলে আসা ২০১০ সালের দিকে তাকান। যতবার আপনি আনন্দে হেসে উঠেছেন ওই বছর, খুশিতে উদ্বাহু হয়েছেন—ক্রিকেটের জন্যই নয় কি? এ বছর দেশের মাটিতে বিশ্বকাপ এবং বিশ্বকাপের বছরে সেই ক্রিকেট আরও বড় কোনো উৎসবের উপলক্ষ হয়ে ধরা দেবে না, তাই কি হয়! আশা তো করাই যায়!গত প্রায় পাঁচ বছর ধরে আমরা একটু একটু করে এই স্বপ্নটিই তো লালন করে আসছি! বাংলাদেশে বিশ্বকাপ হবে। যে বিশ্বকাপ এত দিন দেখা যেত টিভিতে, সেটি চোখের সামনে ঘটবে। ঢাকা-চট্টগ্রাম হবে বিশ্বকাপের নগর। প্রায় দেড় মাস আমরা সবাই বিশ্বকাপের মধ্যে বসবাস করব। আর যদি নিজের মাঠের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দল একটা অঘটন ঘটিয়েই ফেলে, বিশ্বকাপের রং ফোয়ারা হয়ে ছুটবে গোটা দেশে।বর্ষশুরুর আরও অনেক আকাশকুসুম কল্পনার মতো এই স্বপ্নটি কিন্তু একেবারে বাস্তবতাবর্জিত নয়। মাঠে বাংলাদেশ দলের গত এক বছরে যা পারফরম্যান্স, তাতে নিজেদের সেরা বিশ্বকাপটা এবার খেলার আশা করতেই পারে সাকিব আল হাসানের দল। ঘরের মাঠের বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের আনুষ্ঠানিক লক্ষ্য দ্বিতীয় পর্বে যাওয়া। তবে ভেতরে ভেতরে সেমিফাইনালের স্বপ্ন ঠিকই বুদবুদ তোলে। সেমিফাইনাল মানেই তো ফাইনালের হাতছানি...আর ফাইনাল মানে! নাহ, অতটা আশা এখনই না করা ভালো। তবে বাংলাদেশের বিশ্বকাপের বছরটা বিশ্বকাপের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে না—এমন আশায় এখন আস্থা রাখা যায়।বিশ্বকাপের বছরে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা হতাশা জাগানো খবরও আছে। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী এ বছর বাংলাদেশ যা-ই খেলবে, বেশির ভাগই দেশে। আগামী জুলাই-আগস্টে দুই টেস্ট আর পাঁচ ওয়ানডের জিম্বাবুয়ে সফর ছাড়া বাংলাদেশ দলের আর কোনো অ্যাওয়ে সিরিজ নেই ২০১১ সালে। তবে দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার ভিত্তিতে নতুন কোনো সিরিজের সম্ভাবনা জাগতেও পারে। বছর শুরুর আশার তালিকায় না হয় এটাও যোগ করে নিন।বিশ্বকাপের পর এপ্রিলে আসার কথা অস্ট্রেলিয়া দলের, বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্সের কাছে যে সিরিজটা বহু কাঙ্ক্ষিত। তবে আসার আগেই একটা প্যাঁচ লাগিয়ে রেখেছে রিকি পন্টিংদের ক্রিকেট বোর্ড। আইপিএলের কারণে সময় হবে না বলে সিরিজে আপাতত শুধু ওয়ানডে খেলবে তারা। দুটি টেস্ট খেলে যাওয়ার প্রতিশ্রুতি আছে পরে কোনো একসময় এসে। এ ছাড়া পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজ আর ডিসেম্বরে আসার কথা পাকিস্তান দলের। আর মে মাসের মাঝামাঝি বকেয়া দুটি টেস্ট খেলতে আসবে নিউজিল্যান্ড দল।বিশ্বকাপ ও বিশ্বকাপ-পরবর্তী এই সিরিজগুলো গত বছর অর্জিত সাফল্যের পরীক্ষা হয়ে আসবে বাংলাদেশ দলের জন্য। দলে এখন ব্যক্তিগত ও দলীয় দুই রকম সাফল্যেরই ঝান্ডা উড়ছে। সাকিব-তামিম-মাশরাফিদের ব্যক্তিগত সাফল্যের হাত ধরে দলীয় সাফল্যটাও ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে এসেছে ২০১১। ২০১০ সালে বাংলাদেশ বড় দল হয়ে ওঠার লক্ষণ দেখিয়েছে, ২০১১ সেটাকে পূর্ণতা দেওয়ার বছর।মাঠের সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ আছে। তবে এ বছর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা সম্ভবত বাংলাদেশের ক্রিকেটকে নিতে হবে সাংগঠনিকভাবে। মাঠে আজ খারাপ করলে কালই ভালো কিছু করে দেখানোর সুযোগ আসে। কিন্তু সাংগঠনিক পর্যায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার যে সুযোগটা পেয়েছে, সেটা আবার কবে আসবে কে জানে! ভারত, শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও ছয়টি গ্রুপ পর্বের ম্যাচ আর দুটি কোয়ার্টার ফাইনাল হবে বাংলাদেশের মাটিতে। এসবের সফল আয়োজনই কেবল পারে বিসিবির সাংগঠনিক দক্ষতা প্রমাণ করতে। তা ছাড়া ২০১৪ সালে বাংলাদেশকে এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে হবে। এবারের বিশ্বকাপে টেস্ট পরীক্ষা হয়ে যাবে সেটারও। বিসিবির কর্মকর্তারা অবশ্য এসব প্রসঙ্গ উঠলেই ১৯৯৮ সালের মিনি বিশ্বকাপের প্রসঙ্গ টানেন। পাল্টা প্রশ্ন করেন, ‘তখন পারলে এখন পারব না কেন?’বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ আয়োজন করতে পারবে না, এ কথা কেউ বলছে না। তবে সতর্ক তো থাকতেই হবে। আর যে মিনি বিশ্বকাপের প্রসঙ্গ তারা টানেন, ভুলে যাওয়া ঠিক হবে না যে, সেটা আজ থেকে এক যুগ আগের কথা। এই এক যুগে ক্রিকেট এবং ক্রিকেট কূটনীতি অনেক পাল্টেছে। ১৯৯৮ সালের অভিজ্ঞতা দিয়ে ২০১১ সালের বিশ্বকাপ আয়োজন করে ফেলার স্বপ্ন দেখাটা বোকামিই হবে।আশা করা যায়, বিসিবি সেই স্বপ্ন দেখছে না। সাকিবদের মাঠের পারফরম্যান্সের সঙ্গে বিশ্বকাপে তাদের সাফল্যও আশার তালিকায় থাকুক। আর আশাটা শুধু আশা করার জন্য নয়, এটা সত্যিকারের আশায় বুক বাঁধা। আজ ২ জানুয়ারিতে দাঁড়িয়ে যেমন বলা যাচ্ছে, এটা বিশ্বকাপের বছর, ২০১১ সালের ৩১ ডিসেম্বর বর্ষবিদায়ের গানেও যেন বাজে একই সুর...বছরটা বিশ্বকাপের ছিল। দেশের মাটিতে বিশ্বকাপ যেন মনে রাখার মতো হয়।