বিশ্বকাপের রং হলুদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার হঠাৎ পতনের অনেক কারণই শোনা যাচ্ছে অনেকের কাছ থেকে। আসল কারণটা কেউই বলছে না। অস্ট্রেলিয়া যে কোন বুদ্ধিতে হলুদ জার্সিটা পাল্টে ফেলল! ওই জার্সি পাল্টানোর পর থেকেই তো এই দুর্দশা।ফুটবলে ‘হলুদ জার্সি’টা বিখ্যাত। বিখ্যাত ব্রাজিলের কারণে। হলুদ মানেই তাই প্রতিপক্ষের জন্য আতঙ্ক। বিশ্বকাপে দুই দলের ‘দুর্ধর্ষ’ রেকর্ডের মিল দেখতে দেখতে মনে হচ্ছে, অস্ট্রেলিয়ার হলুদ জার্সিটাই বেশি মানানসই ছিল। অস্ট্রেলিয়া যে ক্রিকেট বিশ্বকাপের ‘ব্রাজিল’!বিশ্বকাপে অস্ট্রেলিয়া আসলেই অন্য এক দল হয়ে ওঠে। ১৯৯৬ বিশ্বকাপ থেকেই ফাইনালের একটি জায়গা তাদের জন্য বরাদ্দ। টানা চারটি ফাইনালে খেলেছে তারা। ক্যানভাসটি আরও বড় করে নিন। অস্ট্রেলিয়া আসলে গত ছয়টি বিশ্বকাপের পাঁচটির ফাইনালেই ছিল। কেবল ১৯৯২-এর ফাইনালে উঠতে পারেনি। সেটিও মাত্র ১ পয়েন্টের জন্য সেমিফাইনাল মিস করেছিল বলে।অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছিল আরও একবার। প্রথম বিশ্বকাপে। মাত্র ১৭ রানের জন্য ম্যাচটি হেরেছিল বলে একটা আক্ষেপ আছে। আক্ষেপ আছে চাপের মুখে পড়ে ‘থম্মো’ জেফ টমসনের রান আউট নিয়েও। না হলে হয়তো...।না, সেই আক্ষেপ নিয়ে অস্ট্রেলিয়া বসে থাকেনি। বরং পরে কড়ায়-গণ্ডায় মিটিয়ে নিয়েছে হিসাব। বিশ্বকাপের রেকর্ডের পাতায় পাতায় তাই শুধুই অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়া।গত তিনটি বিশ্বকাপের কথাই ধরুন। টানা তিন শিরোপা জেতার রেকর্ড নেই আর কারোরই। এখানে ফুটবল বিশ্বকাপের ব্রাজিলের চেয়েও এগিয়ে ক্রিকেট বিশ্বকাপের অস্ট্রেলিয়া। গত দুবার তো অসিরা চ্যাম্পিয়ন হলো একটি ম্যাচও না হেরে! বিশ্বকাপে তাদের সর্বশেষ পরাজয়টির কথা হয়তো অনেকে ভুলে বসে আছেন। সেটি যে এক যুগ আগের ঘটনা!১৯৯৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে হেরেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপর পরাজয় নেই একটিও; একটি ‘টাই’ ছাড়া বাকি সবই জয়। সব মিলে বিশ্বকাপে ৬৯ ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ৫১টি, পরাজয় ১৭, একটি টাই। জয়-পরাজয়ের অনুপাত ৩। এদিক দিয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে ‘কাছে’ দক্ষিণ আফ্রিকা, তাদের অনুপাত ১.৯২। ম্যাচ জয়ের দিক দিয়ে অস্ট্রেলিয়ার পরে আছে ইংল্যান্ড। এখানেও ব্যবধানটা বিশাল। ৫৯ ম্যাচের ৩৬টি জিতেছে তিনবারের ফাইনালিস্টরা। ৩৫টি করে ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। ৩২টি ম্যাচ জিতেছে ভারত, ৩০টি পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা জিতেছে ২৫টি করে ম্যাচ। দলগত সর্বোচ্চ স্কোরে অস্ট্রেলিয়া তিনে। এক-দুইয়ে ভারত (৪১৩/৫, বনাম বারমুডা) ও শ্রীলঙ্কা (৩৯৮/৫, বনাম কেনিয়া)। অস্ট্রেলিয়ার ৩৭৭/৬ কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বিশ্বকাপে অস্ট্রেলিয়া তিন শ কিংবা এর বেশি স্কোর করেছে ১৫ বার। ‘নিকটতম প্রতিদ্বন্দ্বী’ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা করেছে মাত্র ৫ বার করে।সবচেয়ে বড় জয়ের রেকর্ডটা অবশ্য ১ রানের জন্য ফসকে গেছে। ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছিল ২৫৬ রানে। পরের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে যাওয়ার জ্বালা জুড়াতে ভারত বারমুডাকে হারায় ২৫৭ রানে।্রব্যক্তিগত অর্জনের দিকে চোখ ফেরান। ব্যাটিংয়ে আসলে শচীন টেন্ডুলকারের কারণে বাকিরা সবাই ফিকে। তার পরও পাল্লা দিয়ে গেছে অস্ট্রেলীয়রা। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান টেন্ডুলকারের (১৭৯৬)। পিছু তাড়া করছেন পন্টিং (১৫৩৭)। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস গ্যারি কারস্টেনের (অপরাজিত ১৮৮)। গত বিশ্বকাপে হেইডেনের ১৫৮ আছে তালিকার নয় নম্বরে। সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দুই ভারতীয় সৌরভ-শচীনের পাল্টা জবাব হিসেবে আছেন মার্ক ওয়াহ ও রিকি পন্টিং। এই চারজন সেঞ্চুরি করেছেন চারটি করে।ব্যাটিংয়ে অস্ট্রেলীয়দের একাধিপত্য না থাকলেও সেটি আছে বোলিংয়ে। বলা যায়, বোলিংয়ের প্রধান প্রধান রেকর্ড তাঁদেরই দখলে। আরও সংক্ষিপ্ত করে বলা যায়, সেটি আসলে দখল করে বসে আছেন গ্লেন ম্যাকগ্রা। সবচেয়ে বেশি উইকেট (৭১), ইনিংসে সেরা বোলিং (৭-৪-১৫-৭) ও সেরা গড় (১৮.১৯) ম্যাকগ্রারই। এক ম্যাচে সাত উইকেট নিয়েছেন আরও দুজন। তাঁঁদের একজন অস্ট্রেলিয়ারই—অ্যান্ডি বিকেল। ইনিংসে সবচেয়ে বেশিবার ৫ উইকেট (দুবার করে) নেওয়ার কীর্তি আছে চারজনের। দুজনই অস্ট্রেলিয়ার—গ্যারি গিলমোর আর ম্যাকগ্রা। শেন ওয়ার্ন আবার ইনিংসে চার উইকেট নিয়েছেন সর্বোচ্চ চারবার। উইকেটকিপারের রেকর্ডগুলো যেমন অ্যাডাম গিলক্রিস্টের দখলে। সবচেয়ে বেশি ৫২টি ডিসমিসাল করেছেন তিনি; এর মধ্যে ২০০৩ বিশ্বকাপেই ছিল ২১টি। পরেরটি এক আসরে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড। ওই বিশ্বকাপে নামিবিয়ার ছয় ব্যাটসম্যানকে আউট করার ক্ষেত্রে উইকেটের পেছনে দাঁড়িয়ে অবদান রেখেছেন এই অস্ট্রেলীয়। এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এটি। আউটফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ডটিও একজন অস্ট্রেলীয়র—রিকি পন্টিং (২৫টি)।বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও দুই অস্ট্রেলীয়র। যৌথভাবে সেটি ভাগাভাগি করছেন পন্টিং আর ম্যাকগ্রা (৩৯)। পন্টিং অবশ্য এবার ছাড়িয়ে যাবেন ম্যাকগ্রাকে। পন্টিংয়ের সামনে সুযোগ এসেছে আরেকজনকে ছাপিয়ে যাওয়ার। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ২৭টি ম্যাচ খেলেছেন স্টিভেন ফ্লেমিং। অধিনায়ক পন্টিংয়ের ম্যাচসংখ্যা ২২। গ্রুপ পর্বেই ছয়টি ম্যাচ পাবেন অস্ট্রেলীয় অধিনায়ক। পন্টিং নিশ্চিতভাবেই সেখানে থামতে চাইবেন না। বিশ্বকাপে এলেই যে তাঁর ফাইনাল খেলার অভ্যাস!পুনশ্চ: শুভবুদ্ধির উদয় হয়েছে অস্ট্রেলিয়ার। আবার তারা ফিরে গেছে হলুদ জার্সিতে।