বিশ্বকাপের শহরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের জন্য বর্ণিল ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের পর একটু যেন থিতু হয়ে পড়েছিল। তবে একই স্টেডিয়ামে আরও একটি আয়োজন মাতিয়ে গেল নগরবাসীকে। ‘ট্রাই ন্যাশন বিগ শো’ শীর্ষক এই আয়োজনটা হয় গত বৃহস্পতিবার। ওই দিন দুপুর থেকেই দর্শকের জোয়ার দেখা যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের দিকে। আর যাঁরা টিকিট পাননি, কিংবা স্টেডিয়ামে যাওয়ার ঝক্কি এড়াতে চেয়েছেন, তাঁরা চোখ রেখেছেন টিভির পর্দায়। বিকেল থেকে দর্শকের অপেক্ষার প্রহর শেষে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাতটায়। শুরুতেই ছিল শুভ্র দেবের গান। তারপর লালনের গান পরিবেশন করেন ফরিদা পারভীন। এরপর একে একে গান করেন কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, ইভা রহমান প্রমুখ। তাঁদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তিনি জনপ্রিয় কয়েকটি বাংলা গানের সঙ্গে নেচে দর্শক মাতিয়ে রাখেন। এরপর শ্রীলঙ্কার শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সব শেষ পরিবেশনা নিয়ে আসেন বলিউডের তারকারা। আনুশকা শর্মা, প্রীতম, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, সালমান খান নাচ-গান আর কথোপকথনে মাতিয়ে রাখেন দর্শকদের। বাংলাদেশ, ভারত আর শ্রীলঙ্কার সংস্কৃতিতে চোখ-ধাঁধিয়ে, মন ভরিয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘরে ফেরে দর্শকেরা।—মিল্লাত হোসেন