বিশ্বকাপের শহরে ‘ফর্মুলা ওয়ান’!
এমনিতে রেস্টুরেন্ট, পানশালা আর হাতে গোনা কয়েকটি দোকান বাদে রাত মোটামুটি আটটার আশপাশেই বন্ধ হয়ে যায় ক্যান্ডির সব দোকানপাট। পরশু বন্ধ হতে থাকল সন্ধ্যা ছয়টাতেই। তবে বন্ধ করে কেউ বাড়ি ফিরল না, বরং বাড়ি ছেড়ে সবাই বের হলো রাস্তায়। যাদের বাড়ি রাস্তার পাশে, তারা চলে এল ব্যালকনিতে বা খুলে বসল জানালা। সবারই চোখ রাস্তায়, এখানেই যে হবে মোটর রেসিং প্রতিযোগিতা ‘ক্যান্ডি স্পিড নাইট’। বিশ্বকাপের শহরে ফর্মুলা ওয়ান!‘ফর্মুলা ওয়ান’ হয়তো একটু বাড়াবাড়ি শোনাবে। তবে আয়োজনের ব্যাপ্তি, পরিসর আর উত্তেজনা মিলিয়ে ক্যান্ডির ফর্মুলা ওয়ান বলাই যায়। আয়োজক শ্রীলঙ্কা মোটরসাইকেল ক্লাব ও ক্যান্ডি অফ-রোড অ্যাডভেঞ্চার ক্লাব। বিশ্বকাপ হয়তো বাংলাদেশের মতো শ্রীলঙ্কাকে সেভাবে নাড়া দিতে পারেনি, জাতীয় পত্রিকার খেলার পাতায় জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার জয় নয়, বিশাল শিরোনামে প্রধান খবর এখানকার ঐতিহ্যবাহী দুই কলেজের লড়াই। তবে স্পিড নাইট আয়োজনের অন্যতম উদ্দেশ্য বিশ্বকাপও। শ্রীলঙ্কার পর্যটন শহর ক্যান্ডিতে প্রতিবছরই বড় কোনো আয়োজন দিয়ে শুরু হয় পর্যটন মৌসুম। তবে সেই আয়োজনটা থাকে মূলত ইতিহাস-ঐতিহ্য আর সংস্কৃতিকেন্দ্রিক। এবার বিশ্বকাপ উপলক্ষে এরই মধ্যে পর্যটকে গিজগিজ করছে ক্যান্ডি। ‘স্পিড নাইট’ দিয়ে পর্যটন মৌসুমের সূচনা উৎসবও হলো, বিশ্বকাপ পর্যটকদের মন রাঙানোও হলো।শুরুর সময় রাত আটটা, কিন্তু রেসের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল সন্ধ্যা ছয়টা থেকেই। লোকজন ভিড়ও জমাতে শুরু করে সন্ধ্যা থেকেই। আগের দিন সন্ধ্যায়ও রাস্তা বন্ধ করে দিয়ে অনুশীলন হয়েছিল। কিন্তু মূল দিনে এতটা হবে, ভাবাও যায়নি। রাত আটটা বাজার অনেক আগেই রাস্তার দুই ধার, বাড়ির ছাদ, ব্যালকনি আর জানালা লোকে লোকারণ্য। এক লাখ ২০ হাজার লোকের ছোট্ট পাহাড়ি শহরটার সবাই যেন শামিল এই উৎসবে।ক্যান্ডিতে মোটর রেস এবারই প্রথম নয়, তবে সর্বশেষটি হয়েছিল ২২ বছর আগে। মনোরম ক্যান্ডি লেক আর বিখ্যাত ‘টেম্পল অব টুথ’-এর মাঝে, ঐতিহ্যবাহী কুইন্স হোটেলের সামনের রাস্তা ছিল স্টার্টিং পয়েন্ট। এক ল্যাপের দূরত্ব নির্ধারিত ছিল ২.৪ কিলোমিটার। প্রতিযোগীদের তো বটেই, রাস্তার পাশের দোকান, বিল্ডিং আর দর্শকদের বিশেষ বিমা করানো হয়েছিল। রেস দেখার পাশাপাশি দর্শকেরা আনন্দ করছিল নিজেদের মতো করে। আড্ডা, খাওয়া, গান-বাজনা চলছিল সবই। স্পিড নাইটটা যেন শুধু একটা প্রতিযোগিতা নয়, মহামিলনের উপলক্ষও। মধ্যরাত পেরিয়েও চলল উৎসব।বিশ্বকাপ পর্যটকদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেল, ‘গতির রাত’-এ মোহিত তাঁরা। আর বিশ্বকাপ কভার করতে আসা সাংবাদিকেরা? তাঁদের প্রাপ্তি ক্রিকেট কভারের সঙ্গে ‘ফর্মুলা ওয়ান’ কভারের দুর্লভ অভিজ্ঞতা।