বিশ্বকাপের সময় চট্টগ্রামে ফুটপাত ও সড়কে হকার থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট চলাকালে দুই দফায় ২৭ দিনের জন্য ফুটপাত ও সড়ক থেকে ভাসমান হকার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ মঙ্গলবার হকারদের সঙ্গে সিটি করপোরেশন ও নগর পুলিশের এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় হকাররা চট্টগ্রাম তথা দেশের ভাবমূর্তি রক্ষায় এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।পাশাপাশি হকাররা তাদের স্থায়ী পুনর্বাসনেরও দাবি জানান। তাদের এসব দাবি পূরণের আশ্বাস দিয়ে সিটি মেয়র এম মনজুর আলম বলেন, ‘হকারদের স্থায়ী পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগ নেব। তবে দিন দিন যে হারে হকার বাড়ছে, সেটা রোধ করতে হবে।’প্রসঙ্গত এর আগে মেয়র নগরের ভিক্ষুকদের সঙ্গে বৈঠক করে বিশ্বকাপ খেলা চলার সময় নগর ভিক্ষুকমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ সময় ভিক্ষুকদের পর্যায়ক্রমে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়।১২ ফেব্রুয়ারি বাংলাদেশ-কানাডার প্রস্তুতি ম্যাচ দিয়ে চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেটের যাত্রা শুরু হবে। এর পর গ্রুপ পর্বের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১৪ মার্চ। এই তিনটি ম্যাচ সামনে রেখে আজ বুধবার থেকে ১৫ ফেব্রুয়ারি সাত দিন এবং এক মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত দ্বিতীয় দফায় ২০ দিন ফুটপাত ও সড়ক হকারমুক্ত রাখার সিদ্ধান্ত হয়। বিমানবন্দর থেকে স্টেডিয়াম, অলংকার মোড়, জিইসি মোড়, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকা এর আওতায় থাকবে। তবে হকার, সিটি করপোরেশন ও পুলিশ প্রতিনিধি মিলে আরও কোন কোন স্থানকে হকারমুক্ত রাখা হবে, তা সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়।নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রায় ২০০ হকার উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মো. আবুল কাশেম বলেন, অন্যান্য দেশে হকারদের জন্য নির্ধারিত স্থান ও সময় থাকে। তারা নিজ উদ্যোগে বসে এবং তা পরিষ্কার করে চলে যান। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি ভিন্ন। আমরা হকারদের উচ্ছেদ করতে চাই না। কথাবার্তার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাই।’