বিশ্বকাপের সময় শ্রমিকদের আন্দোলন না করার অনুরোধ জ্যাকব জুমার
সামনে বিশ্বকাপ ফুটবল অথচ পুরো দক্ষিণ আফ্রিকায় চলছে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের আন্দোলন। যে বিশ্বকাপ ফুটবলকে বলা হয়ে থাকে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’—তার আয়োজক দক্ষিণ আফ্রিকার জন্য এসব আন্দোলন বিব্রতকর হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা। তাই তিনি বিশ্বকাপ চলাকালে বিদেশি অতিথিদের সামনে কোনো ধরনের আন্দোলন না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার জাতীয় সম্প্রচার মাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। দক্ষিণ আফ্রিকার সংস্কৃতিতে অতিথিদের সামনে নেতিবাচক কিছু করার রেওয়াজ নেই বলে তিনি উল্লেখ করেন। বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। অথচ দক্ষিণ আফ্রিকায় নানা দাবিতে শ্রমিকদের আন্দোলন চলছে। শ্রমিকদের বিশ্বকাপ পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জ্যাকব জুমা বলেন, ‘এমন সময় বিশ্বকাপ অনষ্ঠিত হতে যাচ্ছে, যখন দক্ষিণ আফ্রিকায় শ্রমিকদের বেতন নিয়ে আলাপ-আলোচনার মৌসুম। তাই শ্রমিকদের আন্দোলন করার অধিকার রয়েছে। কিন্তু বিশ্বকাপের আগমুহূর্তে সরকার এসব নিয়ে কিছুই করতে পারবে না। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত শ্রমিকদের অপেক্ষা করতেই হবে।’বিশ্বকাপ আয়োজন গোটা আফ্রিকার ইতিহাসে সম্মানজনক একটা অধ্যায় উল্লেখ করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ‘আর কখনো আমরা এত বড় একটা প্রতিযোগিতা আয়োজন করতে পারব কি না সন্দেহ রয়েছে। আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বলে গোটা উপমহাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে।’ বিশ্বকাপ ব্যাহত না করার অনুরোধ জানিয়ে জ্যাকব জুমা বলেন, ‘গোটা বিশ্ব থেকে এখানে ফুটবলপ্রেমীরা আসবেন। আমরা সব সময় অতিথিদের শ্রদ্ধা করি। আর এটাই আমাদের সংস্কৃতি।’