টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের চারটি দল নিশ্চিত হয়ে গেছে। ‘ই’ গ্রুপ থেকে পাকিস্তান ও ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছিল আগেই। গতকাল মঙ্গলবার নিজ নিজ ম্যাচে জয় পাওয়ায় ‘এফ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। কাল বৃহস্পতিবার সেন্ট লুসিয়ায় প্রথম সেমিফাইনালে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালটি একই স্থানে অনুষ্ঠিত হবে পর দিন শুক্রবার। এদিকে গতকাল বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের। এর আগে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে যায় ভারতের। সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে সর্বোচ্চ ৬ পয়েন্ট করে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। সুপার এইটে নিজেদের তিনটি ম্যাচেই জয় পেয়েছে এই দুই দল। দুই ম্যাচে জয় ও একটিতে হারের সুবাদে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ পয়েন্ট। অন্যদিকে মাত্র একটি ম্যাচে জয় পাওয়ার পরও ২ পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে ‘ই’ গ্রুপ থেকে শেষ চারে ওঠে পাকিস্তান। বাদ পড়া দলগুলোর মধ্যে একটি করে জয় পাওয়ায় দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ পয়েন্ট। সুপার এইটে খেলা দলগুলোর মধ্যে একমাত্র ভারতই কোনো ম্যাচে জয়ের মুখ দেখতে পারেনি।