বিশ্বকাপের সেরা
টুর্নামেন্ট শুরুর আগে অনেককে নিয়ে অনেক রকমই উচ্চাশা থাকে। তবে তাঁকে নিয়ে সে রকম কোনো উচ্চাশা ছিল না। সেই কারস্টেনই ১৯৯৬ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে খেললেন সর্বোচ্চ ১৮৮ রানের ইনিংস। আর ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে বোলিংয়ে ১৫ রানে ৭ উইকেট নিয়ে সেরা পারফরম্যান্স দেখালেন গ্লেন ম্যাকগ্রা। ব্যাটিং-বোলিং বিশ্বকাপের দুই বিভাগের সেরা দুই পারফরম্যান্স নিয়ে লিখেছেন আরিফুল ইসলামগ্যারি কারস্টেনএমন একটি ইনিংস খেলে ফিরছেন, কোথায় প্রশংসার বান ছুটবে, ড্রেসিংরুমে ফিরে শোনেন সবার কণ্ঠে আফসোস! অভিনন্দন যথেষ্টই পেলেন, সঙ্গে শুনলেন, ‘ইস, আর একটা রান!’ গ্যারি কারস্টেন জানলেন, মাত্র এক রানের জন্য ছুঁতে পারেননি ওয়ানডের সর্বোচ্চ ইনিংসটা। মনে কী ছিল কে জানে, বাইরে খুব একটা হতাশা দেখালেন না। শুধু বললেন, ‘রেকর্ডটার কথা জানতামই না।’ এই কথাটাই হয়তো বুঝিয়ে দিল আফসোস কিছুটা ছুঁয়ে গেছে তাঁকেও।ক্রিকেট-বিশ্বকে তো বটেই, কারস্টেন চমকে দিয়েছিলেন নিজেকেও। তিনি নিজেও কি জানতেন এমন একটি ইনিংস খেলার সামর্থ্য তাঁর আছে! তখনো পর্যন্ত ওয়ানডেতে ১৮০ রানের ইনিংস ছিল দুটি, দুটিই ভিভ রিচার্ডাসের। বদ্ধমূল একটা ধারণা ছিল ৫০ ওভারের খেলায় এক শ আশি-টাশি করতে হলে ভিভের মতোই ব্যাটিং করতে হবে। ভিভের রেকর্ড ভাঙার জন্য ক্রিকেট রোমান্টিকদের ভাবনায় ছিলেন শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, সাঈদ আনোয়ারের মতো সহজাত স্ট্রোকমেকাররা। যাঁরা ঝুঁকি নিতে ভালোবাসেন। কারস্টেনের মতো ‘খেটে খাওয়া’ ব্যাটসম্যানের জায়গা সেই তালিকায় নিশ্চিতভাবেই ছিল না। এমন নয় যে তাঁর হাতে শট নেই। কিন্তু শট খেলবেন শুধু নিশ্চিত হয়েই, নিজের উইকেটের মূল্য যে তাঁর কাছে অনেক! এ জন্যই সে সময় তাঁর স্ট্রাইকরেট ছিল ৬২.৯০। ১৯৯৬ সালের ১৬ ফেব্রুয়ারি সেই কারস্টেনই গড়লেন ইতিহাস। নিজের মতো করে খেলেই। ১৫৯ বলে ১৮৮ রানের ইনিংসে ১৩টি চার, ৪টি ছয়। স্ট্রাইকরেট ১১৮.২৩, কিন্তু একবারের জন্যও মনে হয়নি তিনি ধুম-ধাড়াক্কা ব্যাট করছেন। সব ক্রিকেটীয় শট। ৫০, ১০০, ১৫০ হয়ে একসময় ছাড়িয়ে গেলেন রিচার্ডসকে। ১৯৮৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রিচার্ডসের ১২৫ বলে ১৮১ রানের ইনিংসটিই ছিল বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ। হাতছানি তখন রিচার্ডসের আরেকটি রেকর্ড ভাঙার, ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। রেকর্ড ছোঁয়ার জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান, ভাঙার জন্য ৪। কারস্টেন নিতে পারলেন ২। যদি জানতেন রেকর্ডটার কথা, তা হলে কি হতো অন্য রকম কিছু? হয়তো, হয়তো নয়। হয়তো কারস্টেন আসলে জানতেন, কিন্তু চেষ্টা করেও পারেননি!গ্লেন ম্যাকগ্রা‘আরও ভালো বোলিং করতে পারতাম’—প্রতিক্রিয়া শুনলে মনে হবে যেন পারফরম্যান্স খুব একটা সুবিধের হয়নি। কিন্তু এই প্রতিক্রিয়া যদি হয় ওয়ানডেতে ৭ উইকেট নেওয়া কোনো বোলারের! আর বোলারটি যখন গ্লেন ম্যাকগ্রা, বুঝতে হবে এর মধ্যেও কোনো না কোনো কাহিনি আছে। সেটি পরিষ্কার হলো প্রতিক্রিয়ার পরের অংশে, ‘ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট পেলেই কেবল ভালো লাগবে!’ অস্ট্রেলিয়ার পরের ম্যাচটা ছিল ইংল্যান্ডের বিপক্ষে, স্বভাবমতোই চিরশত্রুদের হুংকার দিয়ে রাখলেন আর কী! ৭ উইকেট নেওয়ার পরও অবশ্য ম্যাকগ্রার আফসোস থাকতে পারে। কারণ সে ম্যাচে তাঁর উইকেট সংখ্যা হতে পারত ৮ বা ৯টি। খেলা শেষেও যে ম্যাকগ্রার ৩ ওভার পড়েই ছিল! ৩০২ রানের লক্ষ্যের ধারেকাছেও যেতে পারবে না নামিবিয়া, জানাই ছিল। তাই বলে ইনিংস শেষ হয়ে যাবে ঘণ্টা খানেকের মধ্যে! ইনিংসের ও ম্যাকগ্রার তৃতীয় বলেই চার মেরে শুরু করেছিলেন জন বার্গার। একটি ওয়াইড বলের পর ওই বার্গারকে দিয়েই শিকার শুরু করলেন ম্যাকগ্রা। ব্রেট লির করা পরের ওভারে উইকেট নেই, নেই ম্যাকগ্রার দ্বিতীয় ওভারেও। দ্বিতীয় ওভারে ১ উইকেট পেলেন লি, ম্যাকগ্রা যেন বুঝে গেলেন যা করার করতে হবে দ্রুতই। ব্যস, নিজের পরের টানা ৪ ওভারে ৪ উইকেট! প্রথম ৬ ওভারে ৫ উইকেট নেওয়ার পর কোথায় একটু ক্ষান্তি দেবেন, উল্টো ষষ্ঠ ওভারে নিলেন দুটো! ভেঙে গেল বিশ্বকাপে ম্যাচ-সেরা বোলিংয়ের রেকর্ড। ১৯৮৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের উইনস্টন ডেভিসের ৫১ রানে ৭ উইকেট ছিল এর আগে বিশ্বকাপের একমাত্র ৭ উইকেট। ৭-৪-১৫-৭, ম্যাকগ্রার সামনে তখন চামিন্ডা ভাসের ১৯ রানে ৮ উইকেটের বিশ্বরেকর্ড ভেঙে দেওয়ার হাতছানি। অসম্ভব নয় ৯ উইকেটও। নামিবিয়ার রান ৮ উইকেটে ৪৫। কিন্তু প্রথম ওভারেই দুই উইকেট নিয়ে নামিবিয়ার ইনিংস শেষ করে দিলেন অ্যান্ডি বিকেল, সুযোগই পেলেন না ম্যাকগ্রা। ৭ উইকেটের প্রথমটি ছিল স্লিপে ক্যাচ, পরের পাঁচটিই অ্যাডাম গিলক্রিস্টের হাতে। শেষেরটি বোল্ড। নামিবিয়ার পরাজয় সে সময়ের রেকর্ড ২৫৬ রানে, ডিওন কোটজে (১০) আর মি. এক্সট্রা (১৫) ছাড়া দু অঙ্ক ছুঁতে পারেননি কেউ!