বিশ্বকে শান্তিপূর্ণ আবাস হিসেবে গড়ে তুলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে আগামী প্রজন্মের জন্য শান্তিপূর্ণ আবাস হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বৈশ্বিক উষ্ণতা রোধে অনুদান প্রদান এবং বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করারও আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।গতকাল শনিবার নিউইয়র্কে স্থানীয় সময় বেলা তিনটায় (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত তিনটা) জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টান্ত অনুসরণ করে সাধারণ পরিষদের অধিবেশনে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলায় ভাষণ দিলেন। গত বছর তিনি প্রথমবারের মতো জাতিসংঘে বাংলায় ভাষণ দেন। সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন ১৯৭৪ সালে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ একটি উদার, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র। জাতিসংঘে সক্রিয় অংশগ্রহণকারী এবং দায়িত্বশীল সদস্য। বিশ্বব্যাপী গণতন্ত্র, মানবাধিকার, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘের সব উদ্যোগের প্রতি বাংলাদেশ পূর্ণ সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে। তিনি বলেন, দেশ এবং দেশের বাইরে বৈরী শক্তির বিরুদ্ধে, বিশেষ করে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ কার্যকর ব্যবস্থা নিয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ আদালত সংক্রান্ত রোম ঘোষণার সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ। তিনি বলেন, ‘আমি মনে করি, কেবল সুবিচারই অতীতের অমার্জনীয় ভুলের নিরাময় করতে পারে।’বিগত বছরগুলোর খাদ্য, জ্বালানি ও অর্থনৈতিক সংকট এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ জাতিসংঘ ও অন্যান্য উন্নয়ন-সহযোগীর সহায়তায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে যথেষ্ট সাফল্য অর্জন করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। দারিদ্র্য বিমোচন, সর্বজনীন প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গবৈষম্য নিরসন এবং শিশুমৃত্যু হ্রাসে সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং সরকার সঠিক লক্ষ্যে অগ্রসর হচ্ছে।বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইউনেসকো স্বীকৃতি দেওয়ার পর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। বিশ্বের প্রায় ত্রিশ কোটি মানুষ আজ বাংলায় কথা বলে। এ ভাষার রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাহিত্য। বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করার অনুরোধ জানিয়ে বাংলাদেশের জাতীয় সংসদ গত বছর সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গ্রহণ করেছে।শেখ হাসিনা বলেন, ‘মানবতার শত্রু দারিদ্র্য। দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের জয়ী হতে হবে।’‘উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আন্তরিকতার প্রমাণ দিয়েছে। ১৯৮৮ সালে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ ২৪টি দেশে ৩২টি মিশনে ৯৭ হাজার সেনা পাঠিয়েছে। এসব শান্তি মিশনে বাংলাদেশের ৯২ জন বীর সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। বাংলাদেশ এখন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা প্রেরণকারী দেশ।বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বাংলাদেশ আর্থসামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তা, আবাসন ও জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষের ক্ষতি করছে। কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের কারণেই আজ এই অবস্থা। বাংলাদেশ এ ক্ষেত্রে দায়ী না হয়েও মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। ফলে এমডিজি অর্জন আজ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।শেখ হাসিনা বলেন, এই দুর্যোগ মোকাবিলার জন্য ১৩৪টি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে—বিভিন্ন নদ-নদীর ড্রেজিং, ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনের জন্য চাষযোগ্য জমি পুনরুদ্ধার এবং খাদ্য উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করা। এ ছাড়া রয়েছে কার্বন আধার তৈরি।প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে গত বছর কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার জন্য আন্তর্জাতিক জলবায়ু তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আশা প্রকাশ করেন, মেক্সিকোর কানকুন সম্মেলনে বিশ্বনেতারা একটি সুনির্দিষ্ট ইতিবাচক চুক্তিতে উপনীত হবেন।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে এখনো পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ব্রেটনউড ইনস্টিটিউশনগুলোকে উন্নয়নশীল বিশ্বে, বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোতে তাদের সহায়তা আরও জোরালো করতে হবে। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে তিনি এসডিআর এবং অনুদান প্রদানের ক্ষেত্রে জাতিসংঘের আওতায় একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব করেন।প্রধানমন্ত্রী উন্নত বিশ্ব থেকে উন্নয়ন-সহায়তাকে সাধুবাদ জানান। তবে শুল্ক ও কোটামুক্ত বাজারে প্রবেশাধিকার এবং বাণিজ্য উদারীকরণ করা হলে স্বল্পোন্নত দেশগুলো আরও লাভবান হতে পারবে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি ডব্লিউটিও বাণিজ্য আলোচনার দোহা রাউন্ডের সফল সমাপ্তি প্রত্যাশা করেন তিনি।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ২০১১ সালের মধ্যে শতভাগ শিশুকে স্কুলে ভর্তি ও ২০১৪ সালের মধ্যে শিক্ষার হার শতভাগে উন্নীত করতে তাঁর সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সব ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা। এ জন্য তাঁর সরকার স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা করেছে।অধিবেশন হলে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রমুখ।