সাকিব উত্তরটা দিলেন চমৎকার, ‘বাংলাদেশ বিশ্বকে তার আতিথেয়তার রূপ দেখাতে উদ্গ্রীব হয়ে আছে। ইটস্ ভেরি স্পেশাল। বাকি জীবন মনে রাখার মতো একটা উপলক্ষ।’টিক্-টিক্-টিক্...সেকেন্ড কমতে কমতে কমছে মিনিট। মিনিট কমতে কমতে ঘণ্টা। ঘণ্টা কমতে কমতে দিন...। রাস্তার মোড়ে মোড়ে ক্ষণগণনার ঘড়িতে বাজছে বিশ্বকাপের আগমনধ্বনি। আর মাত্র ১০ দিন। বিশ্বকাপ তাহলে এসেই গেল!বাংলাদেশের আকাশে-বাতাসে বিশ্বকাপের রং লাগতে শুরু করেছে অনেক দিনই। রাজপথে এদিক-ওদিক তাকালেই রংচং মাখা সাকিব-তামিম। দেয়ালে পোস্টার। ফ্লাইওভারে বিশ্বকাপের আবাহন। সন্ধ্যার পর ‘বিয়েবাড়ি’ হয়ে যাচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। নীলাভ আলোর মায়াবী আভায় মহাযজ্ঞের আমন্ত্রণ।এত দিন আভাসে-ইঙ্গিতে ডাক দিয়ে যাওয়া বিশ্বকাপ কাল থেকে যেন চিৎকার করে ডাকতে শুরু করল সবাইকে। বিশ্বকাপ সামনে রেখে আইসিসির কর্মকাণ্ড যে সাড়ম্বরে শুরু হয়ে গেল এ দিন। শুরুটা যেভাবে হওয়া উচিত ছিল, হলো সেভাবেই—উদ্বোধনী অনুষ্ঠান আর উদ্বোধনী ম্যাচের সৌজন্যে তিন স্বাগতিকের মধ্যে একটু হলেও অগ্রণী বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন দিয়ে।বিশ্বকাপের জন্য আইসিসির অফিশিয়াল শেরাটন হোটেলে সাড়ম্বর এই সংবাদ সম্মেলন। যেটি শুরু হলো প্রশ্নোত্তর পর্বের আগে সাকিবের বক্তব্য দিয়ে। পরনে বিশ্বকাপের জার্সি। পেছনে বিশ্বকাপ স্পনসরদের নামাঙ্কিত হোর্ডিং। বিশ্বকাপ-বিশ্বকাপ আবহের মধ্যে সাকিবের চোখেমুখে ফুটে ওঠা অনুভূতিই ভাষা পেল তাঁর মুখে, ‘পুরো দেশের জন্যই বিশ্বকাপ রোমাঞ্চকর এক ব্যাপার। আমরা অধীর আগ্রহে প্রথম ম্যাচের দিকে তাকিয়ে আছি।’আইসিসির মিডিয়া-কর্তার বিশ্বকাপকে স্বমহিমায় তুলে ধরার একটা দায় থাকে। সাকিবকে ‘আপনার কাছে বাংলাদেশে প্রথম বিশ্বকাপের কী অর্থ বহন করে’—প্রশ্নটা সেই উদ্দেশ্যেই করা। সাকিব উত্তরটা দিলেন চমৎকার, ‘অনেক কিছু। বাংলাদেশ বিশ্বকে তার আতিথেয়তার রূপ দেখাতে উদ্গ্রীব হয়ে আছে। ইটস্ ভেরি স্পেশাল। বাকি জীবন মনে রাখার মতো একটা উপলক্ষ।’বিশ্বকাপের সঙ্গে তুলনা করাটা বাড়াবাড়ি। তবে সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনও মনে রাখার মতোই হয়। বেশির ভাগ আন্তর্জাতিক ক্রিকেটারই রোবট হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত—আসল কারণ তো অবশ্যই এটা। গৎবাঁধা বুলি, ‘ধরি মাছ না ছুঁই পানি’ জাতীয় উত্তর, আর ‘শিক্ষামূলক’ কথাবার্তার প্রথাগত সেসব সংবাদ সম্মেলনের ভিড়ে সাকিব আনন্দদায়ী এক ব্যতিক্রম। সপ্রতিভ, বুদ্ধিদীপ্ত, সুযোগমতো রসিকও। সবচেয়ে বড় কথা, কূটনৈতিক না হয়ে অকপট।এ দিনও এর প্রমাণ মিলল। এক সাংবাদিক নানা বিশেষণ-টিশেষণ দিয়ে বিশ্বকাপ কত বড় ব্যাপার, তা প্রমাণের চেষ্টার পর জানতে চাইলেন, এমন একটা উপলক্ষে সাকিব তাঁর দলকে কী বলছেন বা বলবেন? সাকিব জবাব দিলেন, ‘আপনি বিশ্বকাপ সম্পর্কে যা যা বললেন, আমি তা মনে না রাখতে বলব। বিশ্বকাপ হয়েছে তো কী, ক্রিকেট ম্যাচই তো হবে। কেউ তো আর ১৮০-১৯০ কিলোমিটারে বল করবে না। শেষ পর্যন্ত এটা ব্যাট আর বলেরই খেলা।’সাংবাদিকেরা কি ছাড়ার পাত্র! আরেকজন তাই জিজ্ঞেস করলেন, ‘একটু আগে বিশ্বকাপ নিয়ে এত কাব্য করলেন, আর এখন বলছেন এই কথা! পরস্পরবিরোধী হয়ে গেল না?’ সাকিব একই রকম সপ্রতিভ, ‘ওটা বলেছি দেশের মানুষের কথা। আর এখন বললাম টিমের কথা।’বিশ্বকাপ যে শুধুই কতগুলো ক্রিকেট ম্যাচ নয়, তা সাকিবের চেয়ে ভালো আর কে জানেন! কিন্তু তা ভেবে কেন বাড়তি চাপ নিতে যাবেন? সব চাপকেই বরং অনুপ্রেরণায় রূপান্তরে বিশ্বাসী তরুণ অধিনায়ক। যার সুবাদে দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সুবিধা-অসুবিধার মধ্যে সুবিধাটাই তাঁর কাছে বড় হয়ে যায়, ‘এই মিরপুরে আমাদের দলের অনেকে ৩০-৩৫টা ওয়ানডে খেলেছে। এটা তো আমাদের জন্য বড় একটা অ্যাডভানটেজ।’ কিন্তু মাঠভর্তি দর্শকের প্রত্যাশার চাপ?চাপ? ‘ওটা আবার কী’ ভঙ্গিতে বললেন, ‘চাপ হতে যাবে কেন, এটা তো আমাদের আরও অনুপ্রাণিত করবে। দর্শকেরা জানে, আমরা ভালো খেলতে পারি। সবাই আমাদের সমর্থন দেবে, এটা তো বোনাস।’বিশ্বকাপের আগে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ কানাডা আর পাকিস্তান। গত বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে বড় কিছুর পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ। এবার পাকিস্তান কি তেমন একটা সুযোগ? সাকিবের সদা ইতিবাচক মানসিকতায় জয়-পরাজয় নির্বিশেষে ম্যাচটা শুধুই প্রাপ্তির নামান্তর হয়ে গেল, ‘পাকিস্তানের সঙ্গে জিতলে তো ভালোই। তবে হারলেই বা এমন কী, তখন ভাবব এটা তো নিছকই প্রস্তুতি ম্যাচ।’বিশ্বকাপের সময়ই ২৪তম জন্মদিন। সেই জন্মদিনেও আছে ‘২৪’—২৪ মার্চ। বিশ্বকাপের ১৪ অধিনায়কের মধ্যে সাকিবই সর্বকনিষ্ঠ। প্রতিপক্ষ দলগুলো বড়, অধিনায়কেরাও সব বড়—মন্তব্য করলেন এক সাংবাদিক। জবাবে সাকিব যা বললেন, সেটি বাণী চিরন্তনীতে ঠাঁই পাওয়ার মতো। ‘ইফ ইউ আর গুড এনাফ, ইউ আর ওল্ড এনাফ’—বলার পর বাংলায়ও ব্যাখ্যা দিলেন, ‘কেউ ভালো কিছু করলে তার মানে তার এটা করার যোগ্যতা আছে।’ আসলে যা বলতে চাইলেন, সেটিও সবাই বুঝলেন। বয়স নিছকই একটা সংখ্যা, বয়সে কী আসে যায়! বাংলাদেশ টুর্নামেন্টে কত দূর যাবে, তাতে অবশ্যই আসে যায়। তা কী স্বপ্ন দেখছেন বাংলাদেশ অধিনায়ক? ‘সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে পারলে তো খুবই ভালো। আমাদের তা করার সামর্থ্যও আছে। আর দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে বড় কিছুও হতে পারে।’আয়ারল্যান্ড-হল্যান্ড আছে গ্রুপে। এই দুটি ম্যাচে তো জেতাই উচিত। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে জিততে হবে আরও দুটি বড় ম্যাচ। তা কোন কোন দলকে টার্গেট করছে বাংলাদেশ? সাকিবের এভাবে ভাবতেই আপত্তি, ‘কোনো টিমকে টার্গেট করা ঠিক হবে না। আমরা যাদের সঙ্গেই খেলতে নামব, জেতার জন্যই নামব।’সাকিবের সপ্রতিভতা আবারও ফুটে বেরোল মাশরাফির অনুপস্থিতিতে নতুন বলের ভরসা-বিষয়ক প্রশ্নে। ‘মাশরাফি প্রায় নিয়মিতই নতুন বলে যে ব্রেক থ্রু দিয়ে এসেছেন, এবার কার কাছে সেই প্রত্যাশা?’ সাকিব নির্বিকার মুখে জানালেন, ‘নতুন বলে কে বোলিং করবেন—এটা এখনো ঠিক হয়নি।’ এই উত্তর প্ল্যানিংয়ের অভাব বোঝায় কি না—প্রশ্নের জবাবে সাকিবের মুখে হাসি, ‘প্ল্যান তো আছেই। কিন্তু সেটা কি এখানে বলে দেব?’