বিশ্বচোর সরকারকে বিদায় জানাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজ। পদ্মা সেতু হওয়ার আগেই বিশ্বব্যাংকের টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে সরকার। এই সরকার বিশ্বচোর। বিশ্বচোরের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বিশ্বচোর সরকারকে ক্ষমতা থেকে বিদায় জানাতে হবে। আজ রোববার দুপুরে কক্সবাজারের উখিয়া উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত বিশাল সম্প্র্রীতি সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। এর আগে খালেদা জিয়া গত ৩০ সেপ্টেম্বর রাতে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর হামলা ও আগুনে ধ্বংস হওয়া উখিয়া উপজেলার পশ্চিম মরিচ্যা দীপাংকুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন এবং ভিক্ষুসহ বৌদ্ধসম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন।প্রায় আট বছর পর দুই দিনের সফরে খালেদা জিয়া গতকাল শনিবার কক্সবাজার আসেন। গতকাল দুপুরে তিনি চকরিয়া পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে এবং বিকেলে রামু খিজারি আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেন।কক্সবাজার শহরের সার্কিট হাউসে রাত যাপন করে খালেদা জিয়া আজ বেলা ১১টার দিকে সড়কপথে উখিয়া বৌদ্ধপল্লি পরিদর্শনে যান। বেলা একটায় তিনি উখিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠের জনসভায় যোগ দিলে সমর্থকেরা ধানের শীষ দেখিয়ে তাঁকে স্বাগত জানান। এখানে ৩৫ মিনিটের ভাষণে খলেদা জিয়া বলেন, ‘আজ ভারাক্রান্ত মন নিয়ে এই সম্প্রীতি সমাবেশে উপস্থিত হয়েছি। আজকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খিষ্টান—সব ধর্মের মানুষ এই সরকারের পেটুয়া বাহিনী দ্বারা নির্যাতিত, অত্যাচারিত। গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর রামু, উখিয়া ও টেকনাফে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে। আজ ঘুরে ঘুরে দেখলাম, কী নির্মমভাবে মন্দিরগুলো পুড়িয়ে ফেলা হয়েছে! দেখেছি, কীভাবে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সরকার থেকে এসব মন্দির ও বাড়িঘর ঠিক করে দেওয়া হয়নি।’খালেদা জিয়া দাবি করেন, ‘হঠাত্ করে মন্দিরে এই হামলা করা হয়নি। অনেক আগে থেকে পরিকল্পনা করে নিরীহ বৌদ্ধদের ওপর হামলা করা হয়েছে। তাদের সম্পদ লুট করা হয়েছে। রাত নয়টায় রামুর বৌদ্ধমন্দিরে হামলা শুরু হলো, চলল ভোর পাঁচটা পর্যন্ত। কিন্তু এই দীর্ঘ সময়ে পুলিশ, র্যাব, বিজিবি বা সেনাবাহিনীর কেউ এল না। আসলে, সরকার তাদের আসতে দেয়নি। আর এখন মন্দির পোড়ানো মামলায় আসামি করে ঘরছাড়া করা হচ্ছে বিরোধী দলের নেতা-কর্মীদের।’ খালেদা জিয়া বলেন, ‘এই সরকার অযোগ্য-অপদার্থ সরকার। দেশের উন্নতি, শান্তি-শৃঙ্খলার উন্নতি করতে হলে এই দুর্নীতিবাজ সরকারকে বিদায় করতে হবে। দেশকে রক্ষা করতে হলে এ সরকারকে দ্রুত বিদায় জানাতে হবে। নির্বাচনের আগে তারা বহু ওয়াদা করেছিল, কোনো ওয়াদা পূরণ করেনি। তাদের বিশ্বাস করা যায় না।’ খালেদা জিয়া অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ সংবিধান সংশোধনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়। নিজেদের মতো করে নির্বাচন করার পাঁয়তারা করছে। আমরা তা হতে দেব না।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এখন নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সরে দাঁড়ান। অন্যথায় দেশের মানুষ আন্দোলন করে ক্ষমতা থেকে সরতে বাধ্য করবে।’ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ ভুলু, সালাহউদ্দিন আহমদ প্রমুখ।