একাত্তরের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল স্নায়ুযুদ্ধপীড়িত দ্বন্দ্বমুখর বিশ্বে। পশ্চিমা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসককুল তখন পাকিস্তান-প্রেমে বিভোর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চাণক্য ও ম্যাকিয়াভেলির বিশ শতকীয় মিশ্র সংস্করণ—হেনরি কিসিঞ্জার একান্ত গোপন কূটনৈতিক চালে মগ্ন ছিলেন মাও সে-তুংয়ের চীনের সঙ্গে, যারা উঠতে-বসতে গালমন্দ পাড়ছিল মার্কিন সাম্রাজ্যবাদকে আর তলে তলে ভিন্নতর আঁতাত গড়তে চেয়েছিল তাদেরই সঙ্গে। দুনিয়ার মানুষ তো দূরের কথা, তাবড় তাবড় সাংবাদিকেরাও ঘুণাক্ষরে অনুমান করতে পারেননি কী ঘটছে পর্দার আড়ালে। চীন-মার্কিন দূতিয়ালির দায়িত্ব পালন করছিলেন পাকিস্তানি সামরিক শাসক জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান।এই যখন বিশ্ব পরিস্থিতি, তখন বাংলার দারিদ্র্যপীড়িত নিরন্ন জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অভূতপূর্ব গণতান্ত্রিক রায় নিয়ে আবির্ভূত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রক্তগঙ্গায় সেই আন্দোলনকে ভাসিয়ে দিতে যে ব্রতী হয়েছিলেন ইয়াহিয়া খান, এর পেছনে মার্কিন সমর্থন ছিল স্বতঃসিদ্ধ। নিক্সন প্রশাসনের অবস্থানের কারণে অন্যান্য পশ্চিমা দেশও নিয়েছিল বশংবদের ভূমিকা। আর তৃতীয় দুনিয়ার সদ্য স্বাধীন দেশগুলোর অধিকাংশ ছিল পশ্চিমা প্রভাববলয়ে। জাতিসংঘের সাধারণ পরিষদে ‘জো হুজুর’ বলা ছাড়া তাদের আর করার বিশেষ কিছু ছিল না। আরব দুনিয়া তো মার্কিনদের করুণানির্ভর, তদুপরি ‘ইসলামি’ পাকিস্তান ভাঙার প্রচেষ্টায় ছিল নাখোশ। বাংলাদেশ আন্দোলনের পক্ষে তাই ছিল একমাত্র ভারত ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন গুটিকয় সমাজতান্ত্রিক রাষ্ট্র।২.এমনই চরম বৈরী পটভূমিকায় বাংলাদেশের উজ্জ্বল উদ্ভাসন যে সম্ভব হয়েছিল, তার পেছনে আর কতক কার্যকারণের সঙ্গে সক্রিয় ছিল বিশ্বজুড়ে সাধারণ মানুষ ও সমাজের অগ্রসর সংবেদনশীল অংশের বিপুল সমর্থন। আর তা রাজপথে আছড়ে পড়েছিল বিশাল সমুদ্রতরঙ্গের মতো, একের পর এক সৃষ্টি করছিল অভিঘাত এবং উপচে পড়েছিল শিল্পীর তুলিতে, কণ্ঠে, গানে-কবিতায়, আরও কত না রূপে। একাত্তরে বিশ্বজুড়ে জেগে ওঠা বাংলাদেশ-বন্দনার ছিল যে বিশালতা, তার পরিমাপ করাটাও দুঃসাধ্য, তবে সেই প্রয়াসের মধ্য দিয়ে আমরা অগণিত বিদেশীয় মিত্রের অসাধারণ অবদানের স্বীকৃতি ও সম্মান প্রদান সম্ভব করে তুলতে পারি, যা আমাদের নিজেদের জন্য অত্যন্ত গুরুত্ববহ। এর একদিকে ছিল বড় মাপের অনেক ঘটনা, যেমন ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’, যার ঐতিহাসিক প্রভাব আজও রয়েছে বহমান। আধুনিক সংগীত যে নিছক তরুণের অভিনব বিনোদন আয়োজন নয়, সমাজের কল্যাণব্রতের সঙ্গে তা নিবিড় সম্পৃক্তি রচনা করতে পারে, তা সেবারই প্রথম মহিমান্বিতভাবে প্রকাশ পেল। হালফিল তো ব্যান্ড এইড, আফ্রিকা এইড, হাঙ্গার এইড ইত্যাদি কত ধরনের কনসার্টই না আয়োজিত হচ্ছে, পপতারকা বব গেলডফ শান্তির জন্য নোবেল পুরস্কারেও ভূষিত হলেন। আর একাত্তরে এই নতুন ধারার প্রবর্তক হয়েছিলেন জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের মধ্য দিয়ে। এই একটি সংগীতানুষ্ঠানের বিবরণ নিয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ সম্ভব এবং সেটা সংগতও বটে। বব ডিলান যে দীর্ঘদিনের নিভৃতি ঘুচিয়ে সেই প্রথম আবার এলেন জনসমক্ষে, গাইলেন তাঁর বিখ্যাত গান, ‘ধেয়ে আসছে দারুণ বৃষ্টি’—সেসব তো আধুনিক গানের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। আরও ছিলেন কত না তারকা, এরিক ক্ল্যাপটন তো তখন এক উঠতি গায়ক, পরে যিনি অশেষ খ্যাতির অধিকারী হয়েছেন, ডিজনি চলচ্চিত্রে গেয়েছেন গান। তেমনি বলা যায়, দক্ষিণ আফ্রিকার নির্বাসিত কৃষ্ণকায় গায়ক বিলি প্রেস্টনের কথা, ছোটখাটো এই মানুষটির স্টেজ পারফরম্যান্স দেখতে হয় মন্ত্রমুগ্ধের মতো, বড় কনসার্টে সর্বশেষ গান করেছিলেন ২০০৮ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নেলসন ম্যান্ডেলার ৯০তম জন্মদিনের অনুষ্ঠানে এবং চলতি বছর হয়েছেন প্রয়াত।তবে কনসার্ট ফর বাংলাদেশ আলাদা ছিল না উডস্টক ফেস্টিভাল থেকে, যখন নতুন এক তরুণসমাজের আবির্ভাবে হকচকিত হয়ে পড়েছিল পশ্চিমা দুনিয়া। এই তরুণেরা প্রত্যাখ্যানের দৃষ্টিতে তাকিয়েছিল তাদের অগ্রজদের দিকে এবং বিশাল বুক পেতে বরণ করতে চাইছিল বিশ্বের মুক্তিকামী মানুষদের, আর তাই তো তারা ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে জন্ম দিয়েছিল অমন ব্যাপক আন্দোলনের, সৃষ্টি করেছিল পশ্চিম দুনিয়া কাঁপানো ১৯৬৮।ফলে একাত্তরে যখন বাংলাদেশের মুক্তিসংগ্রাম শুরু হলো, তখন ক্ষমতাধর পশ্চিমা বিশ্ব ছিল এক অবস্থানে আর পশ্চিমা সমাজ, বিশেষভাবে নবজাগ্রত তরুণেরা, ছিল আরেক অবস্থানে। সে কারণেই বাংলাদেশের সংগ্রামের ন্যায্যতা ও মানবিকতার উপাদান অমন বিপুল আলোড়ন তুলতে পেরেছিল দেশে দেশে, হাজার হাজার মানুষ নেমে এসেছিল রাজপথে, আন্দোলনে এবং কতভাবেই না তারা প্রকাশ করেছে সংহতি। এই বিশাল আন্দোলনের হদিস গ্রহণ এবং আন্দোলনকারীদের প্রতি সম্মান প্রদর্শন হয়ে আছে বাংলাদেশের নৈতিক দায়িত্ব।৩.বাংলাদেশের প্রতি সংহতি আন্দোলনের মোটা দাগের পরিচয় হয়তো আমরা জানি, তবে তারও পরতে পরতে মিশে আছে আরও অনেক ছোট-বড় ঘটনা; তাৎপর্যে যা মোটেই ছোট নয়। এবং এর বাইরে অজানার আড়ালে রয়েছে যেসব ঘটনা বা অবদান, সেসব কথাও তো আমাদের জানতে হবে। স্বল্পজ্ঞাত কিন্তু তাৎপর্যময় দু-একটি ঘটনার উল্লেখ এখানে না করলেই নয়। বাংলাদেশ যে কতভাবে কতজনের কাছে ঋণী, তা বোঝা যাবে আজকের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি রেলস্টেশন, সেদিনের বোম্বের ভিক্টোরিয়া টার্মিনাল বা ভিটি রেলস্টেশনের সামনে, একাত্তরের সেপ্টেম্বর মাসে সংঘটিত এক ঘটনায়। স্টেশনের খেটে খাওয়া বুট পালিশ বালকের দল সেদিন সিদ্ধান্ত নিয়েছিল তাদের এক দিনের রোজগার তুলে দেবে মহারাষ্ট্রের বাংলাদেশ-সহায়ক সমিতির হাতে। তারা সবাই মিলে তুলেছিল উল্লেখযোগ্য পরিমাণ অর্থ।বোম্বাইয়ের বিশিষ্ট শিল্পপ্রতিষ্ঠান মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্রের প্রধান নির্বাহী সকালে জুতা পালিশ করিয়ে উদ্বোধন করেছিলেন অর্থ সংগ্রহ অভিযানের। বুট পালিশ বালকদের এই পরম ভালোবাসার অর্ঘ্যদানের বার্তা শুনে বিশেষ আলোড়িত হয়েছিলেন মহারাষ্ট্রের তৎকালীন গভর্নর আলী ইয়ার জং। হায়দরাবাদের নিজাম-পরিবারের এই সদস্য ছিলেন বাংলাদেশ-আন্দোলনের প্রতি সহানুভূতিশীল, ভারতের অবাঙালি মুসলিমদের মধ্যে যা এক ব্যতিক্রম। এক বিকেলে তিনি বুট পালিশ বালকদের চা-পানের আমন্ত্রণ জানিয়েছিলেন মালাবার হিলের শ্বেতপ্রাসাদে, গভর্নরের ভবনে। এভাবে বুট পালিশ বালকদের কাছে গভর্নর পরিশোধ করেছিলেন তাঁর ঋণ, তবে বাংলাদেশের ঋণ শোধ বুঝি এখনো বাকি রয়ে গেছে।৪.নিউইয়র্কে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’, লন্ডনের ‘কনসার্ট ইন টিয়ার্স’, বোম্বের ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘স্ট্রিংস্ অ্যান্ড ফায়ার কনসার্ট’ ইত্যাদি বড় মাপের আয়োজনের কথা জানা হলেও প্রায় অজ্ঞাত রয়ে গেছেন লিভারপুলের লি ব্রেনান ও তাঁর সঙ্গীরা। বাংলাদেশের সংগ্রামী বার্তা পেয়ে বিচলিত এই তরুণ লিখেছিলেন দুটি গান, বন্ধুদের নিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে ছোট এক স্টুডিও থেকে এই গানের ৪৮ আরপিএমের রেকর্ডও বের করেছিলেন। মামুলি একরঙা মোড়কে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর বাণীসংবলিত করে দীনহীনভাবে প্রকাশ পেয়েছিল রেকর্ড। একটি গানের কথা ছিল, ‘ইন দ্য নেম অব হিউম্যানিটি/ ডোন্ট অ্যালাউ বাংলাদেশ টু ফাইট অ্যালোন।’ কথা ও সুর যে খুব উঁচুমানের, তা হয়তো বলা যাবে না; কিন্তু অনুভব করা যায় প্রাণের আবেগ। লি ব্রেনান ঝোলায় রেকর্ড নিয়ে গিটার বাজিয়ে এই গান গেয়ে বেড়াতেন শহরের এক পানশালা থেকে আরেক পানশালায়, রেকর্ড বিক্রি করে অর্থ সংগ্রহ করতেন বাংলাদেশের জন্য।বাংলাদেশের অভ্যুদয়ে তিনি নিশ্চয়ই হয়েছিলেন আমাদের মতোই উল্লসিত, তারপর কোথায় হারিয়ে গেছেন এই যুবক, তাঁর গানের একটি ছোট্ট রেকর্ড কেবল রয়ে গেছে মুক্তিযুদ্ধ জাদুঘরে, সেই গান শোনার অবকাশ বাংলাদেশের কবে হবে কে জানে!৫.বাংলাদেশের মুক্তিসংগ্রামের পক্ষে বহু ধরনের মানুষ বিচিত্র ভূমিকা পালন করেছিলেন এবং তাঁদের একজন ছিলেন জঁ ইউজিন পল কে। অ্যাডভেঞ্চারপ্রিয় এই ফরাসি লেখক জীবনে বিবিধ অভিজ্ঞতার অধিকারী হয়েছিলেন, চিন্তা-চেতনার দিক দিয়েও ছিলেন বিচিত্রমুখী। গোড়াতে তিনি ছিলেন ফরাসি সেনাবাহিনীর সদস্য, তারপর সেনাবাহিনী ত্যাগ করে যোগ দেন কুখ্যাত ওএএসে; যে গোপন বাহিনী মনে করত আলজেরিয়া হচ্ছে ফ্রান্সের অবিচ্ছেদ্য অংশ, তা কখনো হাতছাড়া হতে দেওয়া যায় না। আঁদ্রে মালরোর রচনা পড়ে বোধোদয় হয় পল কের। তিনি ওএএস ত্যাগ করে হয়ে ওঠেন বিশ্বপথিক। তবে পুরোনো মতাদর্শের জের একেবারে কাটিয়ে উঠতে পারেন না। স্পেন, লিবিয়া ও বায়াফ্রায় বিভিন্ন দক্ষিণপন্থী গোষ্ঠীর সঙ্গে ভিড়ে যান।একাত্তর সালে বাঙালির মুক্তিসংগ্রামের বার্তা তাঁকে আলোড়িত করেছিল। এরপর আঁদ্রে মালরো যখন বাংলাদেশের পক্ষে লড়বার ব্রত ঘোষণা করেন, তখন গুরুবাক্যে বিশেষ অনুপ্রাণিত বোধ করেন পল কে। ৩ ডিসেম্বর তিনি প্যারিসের অরলি বিমানবন্দরে ব্যাগে বোমা নিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ফ্লাইট ৭১১ বিমানটি দখল করতে সমর্থ হন। তাঁর ব্যাগ থেকে বের হয়ে আসা বৈদ্যুতিক তার জানান দিয়েছিল ভেতরে বহন করা বোমার। তিনি বাংলাদেশের মুক্তিসংগ্রামীদের জন্য জরুরি ওষুধ বহন করে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছিলেন। কয়েক ঘণ্টা পর ওষুধের কার্টন বোঝাই করবার অজুহাতে পুলিশ বিমানে ঢুকে তাঁকে পরাভূত করতে সমর্থ হয়। ব্যাগ খুলে দেখা যায় সেখানে রয়েছে কতক বই, এক কপি বাইবেল এবং একটি ইলেকট্রিক শেভার।এই ঘটনার পরপরই উপমহাদেশে শুরু হয়েছিল সর্বাত্মক যুদ্ধ। সেই ডামাডোলে হারিয়ে গেল পল কে-র ঘটনা। অবশ্য তাঁর বিরুদ্ধে আনা মামলা চলেছিল বেশ কিছুকাল। আদালতে অভিযুক্তের পক্ষে দাঁড়িয়েছিলেন আঁদ্রে মালরো স্বয়ং। অভিযোগ থেকে খালাস পাওয়া পল কে আবারও ঘুরে ফিরেছেন অ্যাডভেঞ্চারের খোঁজে। ১৯৮১ সালে তাঁকে দেখা গিয়েছিল হিমালয় এলাকায় তপস্যারত, এরপর কিছুকাল ছিলেন অস্ট্রেলিয়ায়, পরে আবারও তাঁকে দেখা গেল কলকাতায়, সেখানে জননিরাপত্তা ভঙ্গের অভিযোগে কিছুদিন কাটান কারাগারে। ভারত থেকে বহিষ্কৃত হয়ে ১৯৮৫ সালে তিনি যান ওয়েস্ট ইন্ডিজে। এরপর তাঁর আর খোঁজ মেলেনি। পল কে ও বাংলাদেশ আলাদা হয়ে গেছে সেই একাত্তরে, আবার কি কখনো হবে তাদের দেখা? কে জানে!মফিদুল হক: লেখক; মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি।