বিশ্বজিতের ওপর হামলাকারীরা ছাত্রলীগের কর্মী নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাসের ওপর হামলাকারী কেউ ছাত্রলীগের কর্মী নন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। অভিযুক্ত ব্যক্তিদের পারিবারিক ও রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি বলেন, বিএনপি ও জামায়াত-শিবির মানুষ হত্যা করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এটা তাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ দাবি করেন।গণমাধ্যমে নাম আসা ছয়জনের পরিচয় তুলে ধরেন প্রেস সচিব। তিনি বলেন, ওবায়েদুল কাদেরের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া পৌরসভার চরকৈলাশ গ্রামে। তাঁর বাবা মাওলানা মহীউদ্দিন সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। তাঁর বড় ভাই সাব্বির আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বড় নেতা ছিলেন।রফিকুল ইসলাম শাকিল পটুয়াখালী জেলার সদর উপজেলার বাসিন্দা। তাঁর বাবা আনছার আলী খলিফা স্থানীয় কর অফিসের অবসরপ্রাপ্ত পিয়ন। তিনি বিএনপির সমর্থক। শাকিলের বড় ভাই সহিদুল ইসলাম শাহিন পটুয়াখালী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক।মাহফুজুর রহমান নাহিদ ভোলার বিভিন্ন মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল পাস করেন। তাঁর বাবা স্থানীয় জামায়াতের নেতা। তাঁর নানা মৃত ইউনুস রাজাকার ছিলেন। তাঁর মামারা বিএনপির সমর্থক। নাহিদের বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় হল শাখা শিবিরের সভাপতি। তিনি ছাত্রলীগের কর্মী ফারুক হত্যা মামলার আসামি।মীর মোহাম্মদ নূরে আলমের বাড়ি রংপুরের পীরগাছায়। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন, ছিনতাই, অপহরণসহ একাধিক মামলা আছে।ইমদাদুল হকের বাড়ি যশোরের শার্শায়। তার চাচা শাহজাহান আলী জামায়াতের কর্মী এবং স্থানীয় সামটা মাদ্রাসার প্রিন্সিপাল।সাইফুল ইসলামের বাড়ি নরসিংদীর মনোহরদীতে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র। প্রেস সচিব বলেন, কেবল বিশ্বজিতের হত্যাকারীই নয়, হরতাল-অবরোধের কারণে নিহত-আহত সব ঘটনারই তদন্ত হবে। দোষীদের বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, খুনি ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই। তারা যে-ই হোক, তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।আবুল কালাম আজাদ বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিএনপি-জামায়াত জোট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। বিএনপি যুদ্ধারাপধীদের মুক্তির দাবিতে জামায়াতের হরতালে সমর্থন দিয়ে প্রমাণ করেছে যে তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। তিনি বলেন, বিজয়ের মাসে বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচানোর নামে আন্দোলনের ডাক দিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের নৈতিকতা হারিয়েছে।