বিশ্বজিতের পরনে থাকা শার্ট জব্দ করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ হত্যা মামলায় ২১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে ঘটনার সময় বিশ্বজিতের পরনে থাকা শার্ট জব্দ করা হয়নি। ২০ মার্চ অভিযোগপত্র আমলে নেওয়ার দিন ধার্য করেছেন আদালত।গতকাল মঙ্গলবার ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহার আদালতে অভিযোগপত্র পেশ করা হয়। দুপুর পৌনে ১২টায় সূত্রাপুর থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রাকিবুল ইসলাম অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করেন। আদালত সূত্র জানায়, এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আদালত চত্বর থেকে চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পরে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর বাকি সাতজনকে গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়। তবে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় চারজনের অব্যাহতির আবেদন করা হয়েছে। অভিযোগপত্রভুক্ত ২১ আসামির মধ্যে ১৪ জনকে পলাতক দেখানো হয়েছে। এঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।অভিযোগপত্রে বলা হয়, আসামি রাজন হাতে থাকা কিরিচ দিয়ে বিশ্বজিতের পিঠে ঘাই মেরে রক্তাক্ত জখম করে। শাকিলের হাতে থাকা চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে বিশ্বজিৎকে একাধিক আঘাত করা হয়। তমালের হাতে থাকা লোহার রড দিয়ে বিশ্বজিতের মাথায় একাধিক আঘাত করা হয়। ইনসেনটিভ ডেন্টাল কেয়ারের বাইরে আসামি ইউনুস, তমাল, ইমরান, আলাউদ্দিন ও মোস্তাক লোহার রড দিয়ে বিশ্বজিতের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত জখম করে। আসামি ইউনুস, কিবরিয়া, টিপু বিশ্বজিৎকে ডেন্টাল কেয়ার থেকে নিচে নামিয়ে আনামাত্রই এমদাদ, নাহিদ, শাওন, আজিজ, লিমন, আল আমিন, রফিক, পাবেল, কামরুল ও মোশারফ লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁকে রক্তাক্ত জখম করে।অভিযোগপত্রে বলা হয়, আইনজীবীদের মারধর ও বিশ্বজিৎকে হত্যা করায় ২১ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৩২/৩০২ ও ৩৪ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়। আইনজীবীদের করা মামলায় পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ করা হলেও অভিযোগপত্রে এ বিষয়ে কিছু বলা হয়নি।মামলার আলামত হিসেবে এক জোড়া পুরোনো সেন্ডেল, কালো ফুল প্যান্টের কাটা অংশ, কালো হাফ প্যান্টের কাটা অংশ, একটি চাপাতি, কালো রঙের প্লাস্টিক-জাতীয় পদার্থ এবং একটি সিডি জব্দ দেখানো হয়। তবে বিশ্বজিৎকে পিটিয়ে হত্যার সময় পরনে থাকা শার্ট আলামত হিসেবে জব্দ করা হয়নি। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তাজুল ইসলাম জানান, নিহত বিশ্বজিতের শার্ট পাওয়া যায়নি। লাশের সুরতহাল যিনি করেছেন, তিনি এ ব্যাপারে বলতে পারবেন। মেডিকেল থেকে যেসব আলামত পেয়েছিলেন, তা তিনি জব্দ করেছেন। আইন বিশেষজ্ঞ শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, বিশ্বজিতের পরনের শার্ট গুরুত্বপূর্ণ আলামত ছিল। কেননা তাঁকে একাধিক আঘাত করা হয়েছিল কি না, তা শার্ট দেখে আঘাতের চিহ্নগুলো প্রমাণ করা সহজ হতো। এখন এ বিষয়টি প্রসিকিউশনকে প্রত্যক্ষ সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে হবে। বেলা ১১টার দিকে মামলার তদন্ত তদারক কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন জানান, অভিযোগপত্রভুক্ত আসামিরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী। এঁদের মধ্যে গ্রেপ্তার সাতজনের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ১৪ জন আসামি পলাতক।তদন্ত-সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানিয়েছে, অভিযোগপত্রে চিহ্নিত ২১ জনের মধ্যে ১৭ জনকে আসামি করা হবে। অন্য চারজনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। মামলায় সাক্ষী করা হয় ৬০ জনকে।মামলার বিবরণ: ২০১২ সালের ৯ ডিসেম্বর সকালে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় পুরান ঢাকার দরজি দোকানি বিশ্বজিৎকে (২৪)। ওই দিন বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন অবরোধ প্রতিরোধ করতে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিরোধীদলীয় কর্মীদের ধাওয়া দেন। এতে আতঙ্কিত হয়ে পথচারী বিশ্বজিৎ দৌড়ে পার্কের উত্তর পাশের একটি ডেন্টাল ক্লিনিকে (দোতলায়) আশ্রয় নেন। তখন ছাত্রলীগের কর্মীরা দোতলায় উঠে বিশ্বজিৎকে ধরে চাপাতি, রড-লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। সেখান থেকে মারতে মারতে নিচে নামিয়ে আবার তাঁকে চারদিক থেকে ঘিরে বর্বর নির্যাতন করা হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের কর্মীরা ছাত্রলীগের হামলার এ দৃশ্য ক্যামেরায় ধারণ করেন, যা পরে প্রকাশ করা হয়।হাইকোর্টের নির্দেশে গণমাধ্যমে প্রচারিত ছবি দেখে, গ্রেপ্তার করা আসামিদের জিজ্ঞাসাবাদ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্বজিতের ওপর হামলায় জড়িত হিসেবে ২১ জনকে চিহ্নিত করা হয়। এঁরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। এঁদের মধ্যে সাতজনকে গত ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান ওরফে নাহিদ, রাশেদুজ্জামান ওরফে শাওন, এমাদদুল হক, কাইয়ুম মিয়া, এইচ এম কিবরিয়া ও সাইফুল ইসলাম। চারজনের স্বীকারোক্তি: প্রথম চারজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থিতিতে তাঁরা বিশ্বজিতের ওপর হামলা করেন। তাঁদের দাবি, রাজন তালুকদার প্রথমে বিশ্বজিৎকে কোপানো শুরু করেন। তা দেখে অন্যরাও মারতে শুরু করেন।পলাতক ১৪: পলাতক আসামিরা হলেন রাজন তালুকদার, ইউনুস আলী, কাইয়ুম ওরফে টিপু, মোস্তফা, পাভেল, তমাল, আলাউদ্দিন, ইমরান হোসেন, তাহসিন, কামরুল হাসান, লিমন, আল আমিন, ওবায়দুল কাদের ও আজিজ। এঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানার আবেদন করা হয়েছে। চারজনকে অব্যাহতির আবেদন: সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় চারজনকে অব্যাহতির আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম। এঁরা হলেন মামুন অর রশীদ, ফারুক হোসেন, মোসলেহ উদ্দিন ওরফে মোসলেম ও কাজী নাহিদুজ্জামান ওরফে তুহিন। কোতোয়ালি থানার পুলিশ এঁদের সূত্রাপুর থানায় হস্তান্তর করে। এরপর তাঁদের বিশ্বজিৎ হত্যায় গ্রেপ্তার দেখানো হয়। আদালত এলাকা থেকে এঁদের ধরে ওই মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল। এ বিষয় প্রথম আলো অনুসন্ধানী প্রতিবেদনে ছাপে।