বিশ্বজিতের হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা চলছে (ভিডিও)
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করে অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে। আজ শনিবার পুরান ঢাকায় বিশ্বজিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে এরশাদ এই অভিযোগ করেন।গত ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে ছাত্রলীগের কর্মীদের হামলায় নিহত হন বিশ্বজিৎ দাস। পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের পাশে যে বিপণিকেন্দ্রে বিশ্বজিৎ হামলার শিকার হন, আজ সেখানে গিয়ে ফুল দিয়ে বিশ্বজিতের প্রতি শ্রদ্ধা জানান এরশাদ।এ সময় এরশাদ বলেন, ‘প্রতিদিন দেশে হত্যা, ধর্ষণ হচ্ছে। কিন্তু বিশ্বজিত্ হত্যা সবচেয়ে নিষ্ঠুর ও নির্মম। সকলে মিলে এ নিরীহ ছেলেটিকে চাপাতি দিয়ে কুপিয়ে, পিটিয়ে হত্যা করে। বাংলাদেশের ১৬ কোটি মানুষ ও বিশ্ববাসী দেখেছে—কীভাবে তাকে হত্যা করা হয়েছে। অথচ এখন বলা হচ্ছে, তাঁর গায়ে কোপের কোনো চিহ্ন নেই। তদন্তকে ভিন্নভাবে ধাবিত করে অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে।’ ভিক্টোরিয়া পার্কের পাশের চত্বরটির নামকরণ বিশ্বজিতের নামে করারও দাবি জানান এরশাদ। ৯ ডিসেম্বরের দিনটিকে বিশ্বজিৎ দিবস হিসেবে ঘোষণা করে তা পালনে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান পুরান ঢাকার হৃষিকেশ দাস লেনের বাসায় বিশ্বজিতের বাবা-মায়ের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান এবং এক লাখ টাকা দেন। এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির চেয়ারম্যানের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ, চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।