বিশ্বজিত্ হত্যা মামলায় সাইফুল পাঁচ দিনের রিমান্ডে
বিশ্বজিত্ দাস হত্যা মামলার আসামি সাইফুল ইসলামকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সাইফুল ইসলামের আট দিনের রিমান্ড শেষে আজ তাঁকে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। ১৫ ডিসেম্বর সাইফুলকে আট দিন রিমান্ডে নেওয়া হয়েছিল।এ মামলায় গতকাল রোববার আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল, জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন ও মাহফুজুর রহমান ওরফে নাহিদ জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া আসামি কাইয়ুম মিয়া ওরফে টিপু ও এইচ এম কিবরিয়াকে আট দিনের রিমান্ড শেষে ওই দিন দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বর্তমানে তাঁরা রিমান্ডে আছেন। এ মামলায় আসামি মামুন অর রশিদ, ফারুক হোসেন, কাজী নাহিদুজ্জামান ওরফে তুহিন ও মোসলেহউদ্দীন কারাগারে আছেন।৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন দরজি ব্যবসায়ী বিশ্বজিত্ দাস।