বিশ্বজিত্ হত্যায় জড়িতদের শনাক্ত ও শাস্তির দাবি মিজানুরের
বিশ্বজিেক হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। আজ সোমবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।মিজানুর রহমান বলেছেন, যখন আমরা এখানে মানবাধিকার দিবস উদযাপন করছি। আমরা দুঃখের সঙ্গে, সহমর্মিতার সঙ্গে, সমবেদনার সঙ্গে বিশ্বজিেক স্মরণ করছি। যার জীবন রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতার ভার আমাদের গ্লানিতে পরিণত করে। যে কারণে ২৪ বছর বয়সের একজন টগবগে যুবকের মৃত্যু হয়—সেই রাজনীতি জনকল্যাণের রাজনীতি কী না তা আমাদের চিন্তা করে দেখতে হবে। মিজানুর রহমান আরও বলেন, আজকে যখন বলছি ‘আমার কথা শুনতে হবে’। তখন সেসব রাজনীতিবিদদের আমরা বিনীতভাবে নিবেদন করছি যদি আপনারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, মাতৃভূমিকে ভালোবাসেন, স্বাধীনতাকে রক্ষা করেন তাহলে অনুগ্রহপূর্বক জনকল্যাণকর রাজনীতি করুন। এমন রাজনীতি করুন যেটি মানুষকে ভোগান্তিতে নিপতিত করবে না, মানুষের কল্যাণ নিশ্চিত করবে, সেই রাজনীতি করুন। কমিশনের কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গে টেনে মিজানুর রহমান বলেন, একটি দৈনিকে বলা হয়েছে আড়াই বছরে মানবাধিকার কমিশন আটটি অভিযোগ তদন্ত করেছে। কিন্তু তদন্ত করা কমিশনের অনেকগুলো কাজের মধ্যে একটি। এর বাইরে কমিশন অনেক কাজ করে থাকে। ২০১২ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৫৮৬টি অভিযোগ মানবাধিকার কমিশনের কাছে এসেছে। এর মধ্যে ৩৫৬টি অভিযোগ নিষ্পত্তি করেছে কমিশন। যে অভিযোগগুলো নিষ্পন্ন হয়েছে সেগুলো জাতীয় মাপে সামান্য হতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই আড়াই বছরে অভিযোগ প্রাপ্তির বৃদ্ধি সংখ্যা শতকরা তিন শত ভাগ বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার চলমান প্রক্রিয়া। এজন্য সবাইকে হাতে হাত রেখে ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কমিশনের সদস্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, মানবিক অধিকার মানব সভ্যতার অগ্রগতির মৌলিক শর্ত। এই শর্ত বাদ দিয়ে কোনো অগ্রগতি হবে না। একবিংশ শতাব্দীতে এসে বলতে পারব না বাল্যবিবাহ ও নারীর ওপর নির্যাতন বন্ধ হয়েছে। আমাদের আইন আছে, কিন্তু এর বাস্তবায়ন ও প্রয়োগ অনেক ক্ষেত্রে লঙ্ঘিত হয়। মানবাধিকার বিষয়টি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। বঞ্চিতসহ সবার কথা শুনতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় মন্ত্রী পরিষদসচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহীদুল হক, মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক, ফাওজিয়া করিম ফিরোজ, নীরু কুমার চাকমা, ইউএনডিপির দেশীয় প্রতিনিধি স্টিফেন প্রিসনার, ডেনমার্কের অ্যামবেসেডর সেন্ড ওলিং প্রমুখ বক্তব্য দেন। কমিশন আয়োজিত অনুষ্ঠান সহযোগিতায় ছিল ইউএনডিপি, ড্যানিডা, সিডা ও সুইজ ডেভেলপমেন্ট করপোরেশন।