বিশ্বজিৎ হত্যা, আরও চার ছাত্রকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা অবরোধের সময় নিরীহ পথচারী বিশ্বজিৎ দাস হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও চারজন ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্থায়ীভাবে বহিষ্কৃত ছাত্ররা হলেন: বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের মো. কাইয়ুম মিয়া ওরফে টিপু, রসায়ন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের রাজন তালুকদার, ইতিহাস বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের মো. সাইফুল ইসলাম ও জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন। ওই ঘটনায় ১২ ডিসেম্বর মোহাম্মাদ মাহফুজুর রহমান ওরফে নাহিদ ও মো. ইমদাদুল হকের সনদ বাতিল এবং মো রফিকুল ইসলাম ওরফে শাকিল, মীর মো. নূরে আলম ও মো. ওবাইদুল কাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের হামলার শিকার হন পথচারী বিশ্বজিৎ। হামলার আধা ঘণ্টা পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।