বিশ্বজিৎ হত্যা মামলা: সাক্ষ্য গ্রহণ ১৪ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাশকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ১৪ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহ এ তারিখ ধার্য করেন।আজ আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণের দিন ধার্য ছিল। তাই কারাগার থেকে গ্রেপ্তার হওয়া আট আসামিকে আদালতে হাজির করা হয়।গত ১৩ জুন মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে ট্রাইব্যুনালে পাঠানো হয়। এ হত্যাকাণ্ডের দুই মাস ২৪ দিন পর গত ৫ মার্চ ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রভুক্ত ২১ আসামির মধ্যে আটজন কারাগারে আটক আছেন। বাকি ১৩ জন শুরু থেকে পলাতক। ২ জুন এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ৬০ জনকে সাক্ষী করা হয়েছে। পুলিশের অপরাধ ও তথ্য প্রসিকিউশনের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান ১৩ জুন প্রথম আলোকে বলেছিলেন, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সরকার মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।সুপ্রিম কোর্টের আইনজীবী এ এফ এম রেজাউল করিম প্রথম আলোকে বলেছিলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন অনুসারে ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার বিধান রয়েছে। তবে রাষ্ট্রপক্ষ এই সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে আবার আগের আদালতে অর্থাৎ মহানগর দায়রা জজ আদালতে ফিরে যাবে মামলাটি।গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নিরীহ দর্জি বিশ্বজিৎ দাশ। মামলার আসামিরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগকর্মী রফিকুল ইসলাম শাকিল (চাপাতি শাকিল), মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, এইচ এম কিবরিয়া, কাইয়ুম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, আজিজুল হক, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুল কাদের তাহসিন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, মীর মো. নূরে আলম লিমন, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশারফ হোসেন। কারাগারে আটক আসামিদের মধ্যে শাকিল, নাহিদ, এমদাদ ও শাওন আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন।