বিশ্বজিৎ হত্যা: এমদাদুল সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এমদাদুল হককে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ মঙ্গলবার তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম তানভীর আহমেদ সাত দিন মঞ্জুর করেন।গতকাল দিবাগত রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আরামবাগ এলাকার স্বপ্নপুরী নামের রেস্টহাউস থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়। এমদাদুল ২০১০-১১ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তাঁর বাড়ি যশোরের শার্শা উপজেলায়।আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির উপকমিশনার মনিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ডিবি পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। এমদাদুল ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমদাদুল এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।ডিএমপির উপকমিশনার জানান, ডিবি পুলিশ এ মামলার দায়িত্ব পাওয়ার পর এমদাদুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রফিকুল ইসলাম ওরফে শাকিল, জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন ও মাহফুজুর রহমান ওরফে নাহিদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া এ ঘটনায় পত্রপত্রিকা ও ভিডিও ফুটেজ দেখে ২০-২১ জনকে শনাক্ত করা হয়েছে। মনিরুল ইসলাম বলেন, এ মামলায় ফারুক হোসেন, কাজী নাহিদুজ্জামান তুহিন, মোসলে উদ্দিন ও মামুনুর রশীদকে গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) হয়েছে। তদন্তে অনেক তথ্য পাওয়া গেছে। যেহেতু সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি, তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা সমীচীন হবে না বলে তিনি মন্তব্য করেন। বিশ্বজিত্ হত্যার ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাতজন ছাত্রলীগের নেতা-কর্মী। সাতজনের মধ্যে পাঁচজনকে বহিষ্কার এবং দুজনের সনদ বাতিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে দুজনের সনদ বাতিল করা হয়েছে, তাঁদের মধ্যে এমদাদুল একজন। এ ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগের কর্মী নন এমন চারজন এখন কারাগারে। ঘটনার দুই দিন পর এক ব্যক্তির জামিনের ব্যাপারে আদালতে গেলে পুলিশ ‘সন্দেহজনক ঘোরাঘুরি’র অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের বিশ্বজিত্ হত্যায় গ্রেপ্তার দেখানো হয়।