রাজপথ অবরোধে চলাকালে রাজধানীর পুরান ঢাকায় ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে নিহত বিশ্বজিৎ দাসের মা-বাবা ও স্বজনদের সঙ্গে দেখা করেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে খালেদা জিয়া বিশ্বজিতের বড় ভাই উত্তম দাসের লক্ষ্মীবাজারের ঋষিকেশ দাস সড়কের বাসায় যান। এ সময় বিশ্বজিতের মা-বাবা, চাচাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। তিনি তাদের খোঁজখবর নেন। পরে বিশ্বজিতের মা-বাবার হাতে দুই লাখ টাকা তুলে দেন খালেদা জিয়া।খালেদা জিয়া বিশ্বজিতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, সুযোগ পেলে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা হবে। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও চেয়ারপারসনের প্রেস সচিব মারফ কামাল খান উপস্থিত ছিলেন। এ ছাড়া গুরুতর অসুস্থ প্রবীণ সাংবাদিক ও রাজনীতিক নির্মল সেনকে দেখতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে যান খালেদা জিয়া। তিনি নির্মল সেনের শয্যা পাশে কিছু সময় অবস্থান করে তাঁর চিকিত্সার খোঁজখবর নেন।