বিশ্বজিৎ হত্যায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
বিশ্বজিৎ হত্যা মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে সূত্রাপুর থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রাকিবুল ইসলাম অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করেন। এর আগে বেলা সাড়ে ১১টায় ডিবি পুলিশ অভিযোগপত্রটি সূত্রাপুর থানার সাধারণ নিবন্ধন শাখায় জমা দেয়।আদালত সূত্র জানায়, এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পরে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর বাকি সাতজনকে ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়। কিন্তু তদন্তে ঘটনার সঙ্গে ওই চারজনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁদের অব্যাহতি চেয়ে আজ আবেদন করা হয়েছে। অন্যদিকে, অভিযোগপত্রে থাকা বাকি ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।পরে আদালত অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য ২০ মার্চ তারিখ ধার্য করেন। এর ওপর ভিত্তি করে ওই আবেদনের বিষয়ে আদেশ দেওয়া হবে বলে আদালত জানান। বেলা ১১টার দিকে মামলার তদন্ত তদারক কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন জানান, অভিযোগপত্রে ২১ জনকে আসামি করা হয়েছে। তাঁরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী। এর মধ্যে গ্রেপ্তার সাতজনের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ১৪ জন আসামি পলাতক রয়েছেন।গত বছরের ৯ ডিসেম্বর সকালে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎকে (২৪)। ওই দিন বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন অবরোধ প্রতিরোধে মাঠে নামা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিরোধীদলীয় কর্মীদের ধাওয়া দেন। এ সময় আতঙ্কিত হয়ে পথচারী বিশ্বজিৎ দৌড়ে পার্কের উত্তর পাশের একটি ডেন্টাল ক্লিনিকে (দোতলায়) আশ্রয় নেন। এর পরই ছাত্রলীগের কর্মীরা দোতলায় উঠে বিশ্বজিৎকে ধরে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপান এবং রড-লাঠি দিয়ে মারধর করেন। সেখান থেকে মারতে মারতে নিচে নামিয়ে আবার তাঁকে চারদিক ঘিরে বর্বর নির্যাতন করা হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের কর্মীরা ছাত্রলীগের হামলার এ দৃশ্য ক্যামেরায় ধারণ করেন, যা পরে গণমাধ্যমে প্রচারিত হয়।