বিশ্বজিৎ হত্যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আসামি করে মামলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও পুলিশের বিরুদ্ধে পথচারী বিশ্বজিৎ দাস হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির সহসভাপতি ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাদেক হোসেন এই অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্বজিৎকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। কিন্তু এখন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে ব্যবহার করছেন।’নিরীহ কর্মজীবী তরুণ বিশ্বজিৎকে হত্যার নিন্দা জানিয়ে ঢাকার এই সাবেক মেয়র বলেন, সুযোগ এলে মহীউদ্দীন খান আলমগীরকে এক নম্বর আসামি করে হত্যা মামলা করা হবে। আর যেসব পুলিশ কর্মকর্তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, তাঁদেরও হত্যা মামলায় যুক্ত করা হবে।’সাদেক হোসেন আরও বলেন, ‘বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়ে যেদিন জামায়াত-শিবিরকে প্রতিরোধ করার অভিপ্রায় ব্যক্ত করে ছাত্রলীগ-যুবলীগকে মাঠে নামান। আমরা সেদিনই বলেছিলাম, আপনি যে আগুন নিয়ে খেলছেন, এর পরিণাম ভালো হবে না। বলেছিলাম, জামায়াত-শিবির কারও গায়ে লেখা থাকে না। আজ তা প্রমাণ হয়েছে। ছাত্রলীগ নামধারী গুন্ডারা কীভাবে রাজনীতির সঙ্গে সম্পর্কহীন বিশ্বজিৎকে হত্যা করল।’আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিরোধীদলীয় নেতাকে গ্রেপ্তারের কথা বলেছেন, এ বিষয়ে জানতে চাইলে সাদেক হোসেন বলেন, ‘আসলে মাহবুব উল আলম হানিফ নতুন রাজনীতি করতে ঢাকায় আসছেন তো, তাঁর কোনো হুঁশ-জ্ঞান নেই। তিনি যে কথা বলেছেন, একদিন যে এ কথা তাদের দলের নেত্রীর ব্যাপারেও প্রয়োগ করা হতে পারে এটা হয়তো তিনি ভাবেননি। গণতন্ত্র হলো সহনশীলতার বিষয়। আজকে ক্ষমতায় থেকে তিনি আমাদের নেত্রীকে গ্রেপ্তারের হুমকি দেন, যদি হুশিয়ার হয়ে না যান, গায়ের চামড়া কারও থাকবে না। এসব এলোমোলো কথা বলেন, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে এমন ব্যবস্থা নেব যে ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার রাস্তাও খুঁজে পাবেন না।’সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম হাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান প্রমুখ।