বিশ্বজিৎকে খুনের কথা স্বীকার করলেন ইমদাদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলার অন্যতম আসামি ইমদাদুল হক মিলন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাঁর খাস কামরায় ইমদাদুলের জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।জবানবন্দিতে ইমদাদুল হত্যার কথা স্বীকার করে বলেন, ৯ ডিসেম্বর বিরোধী দলের রাজপথ অবরোধের সময় সকালে একটি মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মিছিলটি আদালতের পাশ দিয়ে রায়সাহেব বাজার হয়ে ভিক্টোরিয়া (বাহাদুর শাহ) পার্কের কাছে পৌঁছালে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন অবরোধের সমর্থনেও একটি মিছিল বের হয়। এতে অবরোধবিরোধী মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় বিশ্বজিৎ দৌড়ে পালাতে থাকেন। তখনই বিশ্বজিতের ওপর হামলা শুরু হয়।বিশ্বজিৎ ভিক্টোরিয়া পার্কের উত্তর পাশের মার্কেটের দ্বিতীয় তলায় ওঠেন। সেখানে তাঁকে চাপাতি দিয়ে আঘাত করা হয়। এ সময় তিনি (ইমদাদুল) অন্য আসামিদের সঙ্গে রড নিয়ে নিচে অবস্থান করছিলেন। পরে বিশ্বজিৎ নিচে নামলে তাঁকে রড দিয়ে আঘাত করা হয়। গত ২৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আরামবাগ এলাকার স্বপ্নপুরী রেস্টহাউস থেকে ইমদাদুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাঁকে ঢাকায় আনা হয়। আদালতে হাজির করা হলে তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়।এর আগে ২৩ ডিসেম্বর অন্য তিন আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল, জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন ও মাহফুজুর রহমান ওরফে নাহিদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তাঁরা ২১ জন বিশ্বজিৎ হত্যায় অংশ নিয়েছিলেন।