বিশ্বজুড়ে গণতন্ত্রের অবনতি
২০১১ সালে বিশ্বজুড়ে গণতন্ত্রের অবনতি ঘটেছে। ‘আরব বসন্ত’-এর সূত্রে মধ্যপ্রাচ্যের যেসব দেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেসব দেশের অবস্থাও ঝুঁকির মধ্যে। গত সোমবার যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়।অসাম্য, বৈষম্য, পুঁজিবাদী আগ্রাসন, দারিদ্র্য ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনকারীদের হাত ধরে গত বছর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় যে আরব বসন্তের সূচনা হয়েছিল, এর নাজুক ও বিভ্রান্তিকর ফলাফলের কারণে দেশগুলোতে আবারও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার আশঙ্কা দেখা দিচ্ছে। মার্কিন ওই গবেষকদের সমীক্ষায় বলা হয়, মধ্যপ্রাচ্য ও পূর্ব-উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে একমাত্র তিউনিসিয়াই সার্বিক দিক দিয়ে সরকারব্যবস্থায় উন্নতি ঘটিয়েছে। মিসরের ক্ষেত্রে এই অগ্রগতি খুব সামান্য। বাহরাইন তাদের নীতি থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। সরকারের দায়বদ্ধতা ও আইনের শাসনের অবনতির কারণে বিশ্বজুড়ে সরকারব্যবস্থার মানও নিম্নমুখী হয়েছে বলে গবেষণা প্রতিষ্ঠানটি দাবি করেছে।এই সমীক্ষার পরিচালক ভ্যানেসা টাকার বলেন, গণতন্ত্রপন্থী শাসকদের জন্য এই অবক্ষয় একটি বড় ধরনের বিপর্যয়ের ইঙ্গিত বহন করে। কারণ, তিউনিসিয়া, লিবিয়া ও মিসরে স্বৈরশাসকদের পতনকে তাঁরা একটি নাটকীয় ঘটনা বলে মনে করেছিলেন। ভ্যানেসা টাকারের ভাষ্য, শাসকদের সেকেলে ধাঁচের কর্তৃত্বপরায়ণতার বিষয়টি ব্যাপকভাবে বর্জন করেছে মানুষ। তাই বলে তারা যে নতুন একটি শিক্ষানবিশ সরকারের জন্য সব সময় হা-পিত্যেশ করবে, তা নয়। মানুষের ধৈর্যের একটা সীমা আছে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, নিরাপত্তার অভাব থেকে তুলনামূলক কম বিশৃঙ্খল পরিবেশে ফিরে যেতে সাধারণ মানুষের আকুল আকাঙ্ক্ষা আবার স্বৈরশাসকদের আগের জায়গায় নিয়ে আসার সুযোগ করে দিতে পারে।মার্কিন গবেষণা সংস্থাটি ২০০৯ সালের এপ্রিল থেকে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে ৭২টি দেশের সরকারব্যবস্থার ওপর জরিপ চালায়। দায়বদ্ধতা ও বাকস্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, আইনের শাসন এবং দুর্নীতিবিরোধী আচরণ ও স্বচ্ছতা—এই চারটি বিষয়ের ওপর ভিত্তি করে সমীক্ষাটি চালানো হয়। কার্যকরভাবে গণতান্ত্রিক সরকারব্যবস্থা পরিচালনা করতে হলে ওই দেশগুলোকে সাতের মধ্যে কমপক্ষে পাঁচ নম্বর পেতে হবে বলে গবেষকেরা দাবি করেন।সর্বশেষ সমীক্ষার ফল অনুযায়ী, চারটি বিষয়েই তিউনিসিয়া সবচেয়ে বেশি উন্নতি করেছে। এর মধ্যে সরকারের দায়বদ্ধতা ও বাকস্বাধীনতায় তাদের ব্যাপক অগ্রগতির কারণে দেশটি জরিপে ৪ দশমিক ১১ পেয়েছে। এর আগে গত বছরের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী বেন আলী ক্ষমতাচ্যুত হওয়ার আগে দেশটি এ জরিপে ২ দশমিক ৩৬ পয়েন্ট পেয়েছিল। এদিকে হোসনি মোবারকের ক্ষমতাচ্যুতির পর সরকারের দায়বদ্ধতা ও বাকস্বাধীনতার দিক থেকে মিসর উন্নতি করলেও অন্যান্য বিষয়ে সেখানে খুব বেশি ইতিবাচক পরিবর্তন আসেনি। জরিপে পাওয়া তথ্য অনুসারে, গবেষকেরা বলেন, লাতিন আমেরিকায় সহিংসতা ও অপরাধের মাত্রা আগের চেয়ে বেড়েছে। মেক্সিকো ও হন্ডুরাসে সাংবাদিকদের ওপর সহিংসতার মাত্রাও বেড়েছে। এ ছাড়া মেক্সিকো ও গুয়াতেমালায় নির্বাচনী প্রক্রিয়ায় সংগঠিত অপরাধ বেড়েছে।