বিশ্বজুড়ে পাই দিবস
১৯৮৮ সালে ল্যারি শ’ (Larry Shaw) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এক্সপ্রোরেটরিয়ামে পাই দিবস উদ্যাপন করেন। সেখানে এখন প্রতি বছর পাই দিবসে পাই পিত্জা খেয়ে পাই দিবস পালন করা হয়। এ বছর ওয়াটারলু বিশ্ববিদ্যালয়, ডেলফ্ট বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দেশের নানান প্রতিষ্ঠানে পাই দিবস উদ্যাপন করা হয়েছে। অন্য বছরগুলোর মতো এ বছরও যুক্তরাষ্ট্রের এমআইটি পাই দিবসে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত জানিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিহারে স্কুলের ছেলেমেয়েরা অনেক আনন্দ নিয়ে সারা দিন পাই দিবস উদ্যাপন করেছে। এ ছাড়া ইন্টারনেটের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল পাই দিবসে তাদের হোমপেজের ডিজাইন পাইয়ের আদলে করে।পাইয়ের মান দশমিকের পর অসীম পর্যন্ত বিস্তৃত। সৌন্দর্যের কোনো সীমা নেই। এই অসীমতার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতেই বিশ্ব পাই দিবসের আয়োজন করা হয়। আর সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয় গণিতের মন্ত্র—সবার জীবন হোক পাইয়ের মতো সুন্দর। আর প্রকৃতিও যেন এই সৌন্দর্যের আধার! না হলে কি আর পাই দিবসের দিনই মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টানের জন্মদিন হতো!!!