বিশ্বজুড়ে বাংলা, বিশ্বজুড়ে প্রথম আলো
পৃথিবীর যেখানেই এখন বাংলাদেশের মানুষ, সেখানেই এখন ‘প্রথম আলো’। বর্তমানে পৃথিবীর ১৯০টি দেশে বাংলাদেশিরা প্রথম আলো পড়ছে। দেশ আর দেশের বাইরে থাকা সবাইকে নিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে ‘প্রথম আলো’। প্রতিষ্ঠার ১৪ বছর পূর্তি ও ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ রোববার ‘প্রথম আলো’র কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করা হয়। মিডিয়াস্টার লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লতিফুর রহমান, ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান ও ‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনাম অনুষ্ঠানে বক্তব্য দেন। লতিফুর রহমান বলেন, ‘বাংলাদেশে আগে কোনো পত্রিকার প্রচারসংখ্যা কখনো তিন লাখে পৌঁছায়নি। কিন্তু “প্রথম আলো” এখন পাঁচ লাখেরও বেশি ছাপা হচ্ছে। আগামী বছরের মধ্যে আমরা ছয় লাখে পৌঁছাতে চাই।’ ‘প্রথম আলো’র সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সাধারণ মানুষের কাছে বিপুল জনপ্রিয় হলেও যখন যে সরকারই আসে, তারা “প্রথম আলো” কিংবা “ডেইলি স্টার”কে পছন্দ করে না। কিন্তু আপনারা যদি দেশ ও সমাজের স্বার্থে এবং মানুষের কল্যাণের জন্য একইভাবে কাজ করে যান, তাহলে কে পছন্দ করলো বা করলো না, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আর এভাবেই একদিন “প্রথম আলো” ২৫, ৫০ এবং শততম জন্মবার্ষিকী পালন করবে।’ ‘প্রথম আলো’র সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান বলেন, ‘২০১১ সালের শুরুতে “প্রথম আলো”র প্রচারসংখ্যা ছিল চার লাখ ২০ হাজার। এখন প্রচারসংখ্যা পাঁঁচ লাখ ২৫ হাজার। প্রতিদিন ৭০ থেকে ৭৫ লাখ মানুষ “প্রথম আলো” পড়ে।’ তিনি আরও বলেন, ‘ওয়েবসাইটে আমাদের পাঠকসংখ্যা বাড়ছেই। বিশ্বব্যাপী যত ওয়েবসাইট, তার মধ্যে “প্রথম আলো”র অবস্থান এখন ১৫৯০। প্রতিদিন ১৫ থেকে ১৭ লাখ মানুষ ইন্টারনেটে প্রথম আলো পড়ে। ১৯০টি দেশ থেকে বাংলাদেশিরা এখন “প্রথম আলো” পড়ে। এ কারণেই এবার আমাদের স্লোগান, “বিশ্বজুড়ে বাংলা, বিশ্বজুড়ে প্রথম আলো”।’মতিউর রহমান বলেন, ‘আজকে দেশ ও দেশের বাইরে থাকা সব নাগরিককে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। প্রতিদিন ৭৫ লাখ মানুষ “প্রথম আলো” পড়ছে। আমরা এই শক্তিটা কাজে লাগাতে চাই মানুষের জন্য।’ ‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘প্রত্যেক বছর প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে “প্রথম আলো”তে আসতে আমার খুব ভালো লাগে। আমি সম্পাদক হলেও আমার সত্তা সাংবাদিক আর সাংবাদিক হিসেবে আমি বলতে পারি, “প্রথম আলো” আজকে এত বড় জায়গায়, কারণ আপনারা সঠিক সাংবাদিকতা করেছেন। আপনারা সৎ আছেন বলেই সঠিক সাংবাদিকতা করতে পারছেন। আপনারা সততার পরিবেশ, দেশপ্রেমের পরিবেশ পাচ্ছেন “প্রথম আলো”তে।’ মাহফুজ আনাম বলেন, ‘বাংলা ভাষাভাষীদের সর্বশ্রেষ্ঠ পত্রিকা “প্রথম আলো”। “প্রথম আলো”র মধ্যে আত্মা আছে, দেশপ্রেম আছে, দায়িত্ববোধ আছে। সাংবাদিকেরা দেশকে কী দিতে পরে, তার প্রমাণ “প্রথম আলো”। “প্রথম আলো”কে মানুষ ভালোবাসে, বিশ্বাস করে। সবদিক থেকে আজ “প্রথম আলো” সবচেয়ে এগিয়ে। কাজেই আপনারা গর্ব করতেই পারেন। তবে গর্ব করার পাশাপাশি বিনয়ে মাথাটা নিচুও রাখবেন।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘প্রথম আলো’র ফিচার সম্পাদক সুমনা শারমীন। ধন্যবাদ জ্ঞাপন করেন ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। ‘প্রথম আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা ফুলের তোড়া ও কেক নিয়ে ‘প্রথম আলো’ কার্যালয়ে এসে শুভেচ্ছা জানাচ্ছেন। চ্যানেল আই, ইত্তেফাক, এশিয়ান টিভি, বাংলা ভিশন, চ্যানেল নাইন, এটিএন নিউজ, এটিএন ট্রাভেলস, অটবি, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ডিবেট ফেডারেশন, ওরিয়ন গ্রুপ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, গ্রো এন এক্সেল, ব্র্যাক বিজনেস স্কুলসহ অনেক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ ‘প্রথম আলো’কে শুভেচ্ছা জানিয়েছেন।