বিশ্বজুড়ে বিক্ষোভ মোকাবিলার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্রের বিরুদ্ধে সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলায় প্রস্তুত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পাকিস্তানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালনের জন্য আজ শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। পাকিস্তান সরকার এটিকে ‘মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসার দিন’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালনে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।আজ জুমার নামাজের পর পাকিস্তানের বড় বড় রাজনৈতিক দল, ধর্মভিত্তিক সংগঠন, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বড় ধরনের সমাবেশ করার কথা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেছেন, পাকিস্তানে শান্তিপূর্ণ সমাবেশের লক্ষ্যে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। বিক্ষোভের সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গি মনোভাব প্রকাশের সুযোগ দেওয়া হবে না চরমপন্থীদের। এর মাধ্যমে সহিংসতা কমবে বলে ধারণা করা হচ্ছে।বিবিসির খবরে বলা হয়, ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে প্রায় এক হাজার মানুষ। বিক্ষোভকারীরা দূতাবাসে আগুন লাগানোর চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কুশপুত্তলিকা দাহসহ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়। গত কয়েক সপ্তাহেও এ ধরনের বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। এতে দুজন নিহত হয়েছে। তবে এত দিন এ সংঘর্ষ ছিল বিক্ষিপ্তভাবে। গতকালই প্রথমবারের মতো সংঘর্ষ রাজধানীতেও ছড়িয়েছে। লিবিয়ার শহর বেনগাজির বিভিন্ন রাস্তা দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা। এতে দেশটিতে সহিংস পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আজ শুক্রবার ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। মিসরে সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে মার্কিন দূতাবাসের সামনের রাস্তায় মহড়া দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানে ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে। এ ছাড়া পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন দেশে ফ্রান্সের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে মুসলিমপ্রধান ২০টি দেশে তাদের স্থানীয় বিভিন্ন দপ্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফরাসি সাময়িকী চার্লি হেবদোয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র ছাপানোর ঘটনায় এ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ফ্রান্স সরকার।এদিকে হজরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে ফরাসি সাময়িকীতে প্রকাশিত ব্যঙ্গচিত্রগুলো ভারতে প্রকাশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইন্টারনেটে প্রকাশিত ওই ব্যঙ্গচিত্রগুলোর প্রকাশ বন্ধ করতে তথ্যপ্রযুক্তি বিভাগকে জানিয়েছে।