বিশ্বজুড়ে শান্তি বেড়েছে
সিরিয়ায় সংঘর্ষের ঘটনা বাড়ছে। ইউরোপজুড়ে বাড়ছে নাগরিক অস্থিরতা। এর পরও এ বছর এ পর্যন্ত তুলনামূলকভাবে শান্তি বিরাজ করছে বিশ্বে। গত মঙ্গলবার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ইকনমিকস অ্যান্ড পিস’-এর একটি সমীক্ষার ফলাফল থেকে এমনটাই দাবি করেছেন গবেষকেরা। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।১৫৮টি দেশে চালানো এই সমীক্ষায় ২৩টি বিষয়ে আলোকপাত করা হয়। এসব দেশের নাগরিক অস্থিরতা থেকে শুরু করে সামরিক ব্যয়-বিষয়ক অপরাধ, সশস্ত্র সংঘর্ষে সংশ্লিষ্টতা ও প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের বিষয় বিবেচনা করা হয়।ইনস্টিটিউট ফর ইকনমিকস অ্যান্ড পিস উপস্থাপিত এই বিশ্বশান্তি সূচকে বলা হয়েছে, গত দুই বছরের তুলনায় বর্তমান পৃথিবী অনেক বেশি শান্তিপূর্ণ জায়গা বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে আফ্রিকার দেশগুলো এ ক্ষেত্রে বিশেষ উন্নতি করেছে। এবারই প্রথম একটি ন্যূনতম শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে সাব-সাহারান আফ্রিকা এ তালিকায় নিজেদের নাম লেখায়নি। কেবল মধ্যপ্রাচ্যেরই নাগরিকদের শান্তি হ্রাস পেয়েছে। এ ছাড়া বিশ্বের প্রতিটি অঞ্চলেই নাগরিক জীবনে শান্তি বৃদ্ধি পেয়েছে, দাবি গবেষকদের।এ ব্যাপারে গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় উদ্যোক্তা স্টিভ কিলেলি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের বিরূপ প্রভাবে বিভিন্ন দেশে সামরিক ব্যয় কমছে। এতে দেশগুলো প্রতিবেশীর সঙ্গে সহিংস পথ পরিহার করে কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর দিকে ঝুঁকছে। এর ফলে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটছে।গবেষকদের ভাষ্য, দ্বন্দ্ব-সংঘাতের দিক থেকে সিরিয়ার পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি ঘটেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভের জের ধরে গত কয়েক সপ্তাহে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গণহত্যার ঘটনা ঘটছে। প্রতিবেদন অনুযায়ী, সোমালিয়া বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ একটি দেশ। তবে আফ্রিকান বেশ কয়েকটি দেশ শান্তি কায়েমের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি সাধনের তালিকায় রয়েছে। এ দিক থেকে আফ্রিকান দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ক্ষমতা ধরে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের নির্মম রাজনৈতিক প্রতিযোগিতা আর নিষ্ঠুর কিছু প্রচেষ্টার কয়েক বছর পরও তাদের ঘুরে দাঁড়াতে দেখা গেছে। অন্যদিকে গত বছর আফ্রিকার মাদাগাস্কার দ্বীপে সামরিক অভ্যুত্থানের পরও দেশটি ব্যাপক উন্নতি লাভ করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।ল্যাটিন আমেরিকার দেশগুলোও পিছিয়ে নেই। ভেনেজুয়েলা ও কলম্বিয়ার মধ্যকার সম্পর্ক জোরদার হওয়া যেন এই উন্নতির একটি জ্বলন্ত উদাহরণ। এশিয়ায় বিভিন্ন দেশের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বেড়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এর পরও সার্বিকভাবে প্রতিরক্ষা ব্যয় কম মনে হয়েছে। সে অনুযায়ী সংঘর্ষের ঘটনাও কিছুটা কমেছে।ইউরোপের চিত্র কিছুটা মিশ্র ধরনের। অনেকটা ধপাস করেই বিশ্বশান্তি তালিকার নিচে পড়ে গেছে গ্রিস। এদিকে বিশ্বের সবচেয়ে বেশি শান্তির দেশ হিসেবে আইল্যান্ডের নাম প্রকাশ করেছেন গবেষকেরা। ২০০৮ সালে অর্থনীতি ও মুদ্রা কেন্দ্রীভূত হওয়ার ফলে চরম অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি।স্টিভ কিলেলির আশঙ্কা, বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা যে ঝুঁকি তৈরি করছে, তা আগামী বছর আবার নাগরিক অস্থিরতা বাড়াবে। তবে সশস্ত্র সংঘাতের পথ অবলম্বন করার অনাগ্রহ বা অনিচ্ছার কারণে বিশ্বে শান্তি দীর্ঘস্থায়ী হবে বলেও বিশ্বাস করেন তিনি।