বিশ্বনগরের তালিকায় ঢাকা ৬৪তম
শীর্ষস্থানীয় ৬৫টি বিশ্বনগরের তালিকায় স্থান পেয়েছে ঢাকা। তালিকার ৬৪ নম্বরে এর অবস্থান। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদেশিক নীতিবিষয়ক সাময়িকী ফরেন পলিসি-তে প্রকাশিত এক জরিপের ফল থেকে এ তথ্য জানা গেছে। ওই তালিকায় ঢাকার এক ধাপ ওপরে রয়েছে কলকাতা। নয়াদিল্লি ও মুম্বাইয়ের অবস্থান যথাক্রমে ৪৫ ও ৪৬ নম্বরে। পাকিস্তানের একমাত্র নগর হিসেবে করাচি তালিকার ৬০ নম্বরে স্থান করে নিয়েছে। তালিকার শীর্ষে রয়েছে নিউইয়র্ক। এরপর লন্ডন ও টোকিও। খবর বাসস ও পিটিআই অনলাইনের।সফলভাবে অলিম্পিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তালিকার ১৫তম স্থানে উঠে এসেছে বেইজিং। তালিকায় প্যারিস ও হংকংয়ের অবস্থান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম। শিকাগো ষষ্ঠ, লস অ্যাঞ্জেলেস সপ্তম, সিঙ্গাপুর অষ্টম, সিডনি নবম ও সিউল দশম স্থানে রয়েছে। তালিকায় ব্রাসেলস ১১তম, সানফ্রান্সিসকো ১২তম, ওয়াশিংটন ১৩তম ও টরন্টো ১৪তম অবস্থানে রয়েছে। বার্লিন ও মস্কো রয়েছে যথাক্রমে ১৬তম ও ২৫তম অবস্থানে।তালিকাটি তৈরির ক্ষেত্রে শুধু নগরের আয়তন বা জনসংখ্যাকেই বিবেচনায় নেওয়া হয়নি; বরং নগরটি তার সীমানাকে পার করে আন্তর্জাতিক বাজারে কতখানি প্রভাব রাখে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এর সাংস্কৃতিক প্রভাব কতখানি, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। নগরের উদ্ভাবনী দিকটিও এই পর্যালোচনায় স্থান পেয়েছে। এ ব্যাপারে সাময়িকীটির এক প্রতিবেদনে বলা হয়, ‘একুশ শতকে আমেরিকা বা চীন অথবা ভারত কিংবা ব্রাজিল বিশ্বে আধিপত্য করবে না। বরং কর্তৃত্ব থাকবে নগরগুলোর।’ এতে আরও বলা হয়, ‘তালিকার শীর্ষ ১০টি নগরের পাঁচটিই এশিয়ায় অবস্থিত। কিন্তু দ্রুত বর্ধনশীল অনেক নগরই তালিকার নিচের দিকে রয়েছে। এ থেকে প্রমাণিত হয়, আকারে বড় হওয়াটা সহজ, কিন্তু চৌকসভাবে বড় হওয়াটা কঠিন।’ প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছে, এ টি কেয়ারনি ও দ্য শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স নামের সংস্থা।