বিশ্বনাথ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়েছে।ভবনের বিভিন্ন অংশের ফাটল দিয়ে বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করায় হাসপাতালের ওষুধ ও রেকর্ডপত্র নষ্ট হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়ে থাকা এই ভবনের সংস্কার অথবা পুনর্নির্মাণের উদ্যোগ নেই।হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের বিভিন্ন অংশের ফাটল ছাড়াও এর দরজা-জানালাগুলো ভেঙে ঝুলন্ত অবস্থায় রয়েছে। যেকোনো সময় তা ভেঙে পড়তে পারে। রয়েছে প্রয়োজনীয় আসবাবপত্রের অভাব। তা ছাড়া বাথরুমের অবস্থাও করুণ। একটু বৃষ্টি হলেই অফিসের ভেতর পানি পড়ে। বৃষ্টির পানিতে রেকর্ডপত্রও নষ্ট হতে শুরু করেছে। অফিসের সামনে সৃষ্টি হয় জলাবদ্ধতা।আরও জানা গেছে, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে প্রায় অকেজো হয়ে পড়েছে এ প্রতিষ্ঠানটি। ভেটেরিনারি সার্জন ও কমপাউন্ডারের বাসভবনের অবস্থাও একই রকম।হাসপাতাল সূত্র জানিয়েছে, ১১টি পদের মধ্যে দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ পদ। পদগুলো হলো উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একটি, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিসট্যান্ট (ভিএফএ) একটি, ড্রেসার একটি, ইউএলএ একটি ও অফিস সহকারী একটি। এসব কারণে হাসপাতালের প্রকৃত সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী।এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিশ্বজিৎ বসাক প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি। ভবনের ফাটল, জলাবদ্ধতা আর জনবল-সংকটের কারণে আমাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।’