বিশ্বনাথ ও সরাইলে জমিসংক্রান্ত সংঘর্ষে নিহত ১, আহত ৩০
সিলেটের বিশ্বনাথে ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূঁইশর গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আজ শুক্রবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।বিশ্বনাথ: জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আপ্তাব আলী ও নূর মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই আপ্তাব আলী (৬০) মারা যান।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্বনাথ ও ছাতক থানার পুলিশ দুজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার নোয়াগাঁও গ্রামের নূর মিয়া (৫৫) ও আজিদ মিয়া (৫০)।বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সরাইল: জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূঁইশর গ্রামের মাওলানা জাকারিয়া হোসেন (৫০) এবং একই গ্রামের আকতার হোসেনের (৩৮) মধ্যে ৩৩ শতাংশ খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।আজ সকাল ১০টার দিকে ওই জমির দখল নিয়ে জাকারিয়ার বড় ভাই মো. বাচ্চু মিয়ার (৫৫) সঙ্গে আকতারের বাগবিতণ্ডা হওয়ার একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতিও হয়। পরে খবর পেয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ছুটে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে নারী, পুরুষসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সমীর চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।