বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে খানাখন্দ, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে অসংখ্য খানাখন্দ থাকায় ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে। পাশাপাশি যাত্রীসহ সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কটি নির্মাণ করা হয়েছিল। এর পর থেকে আজ পর্যন্ত রাস্তাটিতে কোনো সংস্কারকাজ না হওয়ায় সড়কটি বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সড়কটি সংস্কার করতে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন অফিসের কর্মকর্তারা।সিলেট শহরে সহজে যাতায়াত করার জন্য জগন্নাথপুর ও বিশ্বনাথ (একটি বিরাট অংশ) উপজেলার জনসাধারণ ‘বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস’ সড়কটি ব্যবহার করে থাকে। এ সড়ক দিয়ে শত শত বাস, ট্রাক, লাইটেস, কার, জিপ, টেম্পো, ফোর স্ট্রোক, বেবিট্যাক্সি, রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কটির বেহাল দশার কারণে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘আমরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে সিলেট শহরে যাতায়াত করছি। সড়কটি যান চলাচলে অনুপযোগী।’ব্যাংকার সেলিম আহমদ বলেন, ‘বাইপাস সড়কের করুণ অবস্থা থাকার পরও সময় বাঁচাতে এ সড়ক দিয়ে আমাকে প্রতিদিন জগন্নাথপুর গিয়ে অফিস করতে হচ্ছে। সড়কটি সংস্কার করা জরুরি।’এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য কয়েকবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। ২১ জুলাই আমাকে সঙ্গে নিয়ে প্রকল্প কর্মকর্তা খলিলুর রহমান সড়কটি পরিদর্শন করেছেন। আশা করছি, সড়কটি সংস্কারের জন্য একটি বরাদ্দ পাব।’এ ব্যাপারে সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমি দেখেছি সড়কটির অবস্থা। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমি সড়কটি সংস্কারের ব্যবস্থা করব।’