বিশ্বনাথ রণক্ষেত্র: আহত ৪০, আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে সারা দেশে ডাকা আজ রোববারের হরতালে জেলার বিশ্বনাথ উপজেলা রণক্ষেত্রে পরিণত হয়েছে। হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষে পুলিশ ও নেতা-কর্মীসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। ওই শোভাযাত্রা বিশ্বনাথের সিঙ্গেরকাচ থেকে এসে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে যায়। এরপর সেই মোটরসাইকেল শোভাযাত্রা বিশ্বনাথ উপজেলা সদরে পৌঁছালে পুলিশ বাধা দেয়।এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশও তাঁদের ধাওয়া দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক কাঁদানে গ্যাসের শেল ও অর্ধ শতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্বনাথ থানার পুলিশের পাশাপাশি সিলেট জেলা দক্ষিণ সার্কেলের এএসপি অতিরিক্ত ফোর্স নিয়ে সেখানে যান। বেলা তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষে পুলিশসহ ৪০ জন আহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। আহত এক পুলিশ সদস্যকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল রাত থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। তাঁকে বহনকারী গাড়িটি মধ্যরাতে বনানীর রাস্তায় দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। ওই দিনই রাতে বৈঠক করে আজ হরতাল ডাকে বিএনপি।