বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কের বেহাল দশা
বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কের করুণ দশা। সড়কের রামপাশা থেকে লামাকাজী পর্যন্ত রাস্তাটুকু ছোট-বড় গর্তে ভরপুর। গর্তগুলোর মধ্যে পানি জমে ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছেন চালকেরা।বিশ্বনাথ উপজেলা সদর থেকে লামাকাজী বাজারের দূরত্ব ১৩ কিলোমিটার। এই ১৩ কিলোমিটার সড়কের মধ্যে সাত কিলোমিটার রাস্তার অবস্থা ভালো থাকায় এ অংশ চলাচলের ক্ষেত্রে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয় না। কিন্তু বাকি ছয় কিলোমিটার রাস্তা অতিক্রম করে রামপাশা থেকে লামাকাজী যেতে জনসাধারণকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কটি বিশ্বনাথ উপজেলার মধ্যে হলেও চলাচলের সুবিধার জন্য এ সড়ক দিয়ে ছাতক ও জগন্নাথপুর উপজেলার জনসাধারণও এ সড়কে যাতায়াত করে থাকে। ফলে তিন উপজেলাবাসীর চলাচলের এ সড়কটি পুনর্নির্মাণ কিংবা সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।দেখা গেছে, প্রতিদিন ‘বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী’ সড়ক দিয়ে শত শত বাস, ট্রাক, লাইটেস, কার, জিপ, টেম্পো, ফোরস্ট্রোক, বেবিট্যাক্সি, রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন রকমের যানবাহন চলাচল করে। জীবিকার তাগিদেই জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে চালকদের।বিশ্বনাথ নতুন বাজার ফোরস্ট্রোকস্ট্যান্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘বিশ্বনাথ থেকে রামপাশা পর্যন্ত সড়কের অবস্থা ভালো থাকায় এ অংশে গাড়ি চালাতে সমস্যা হচ্ছে না। তবে রামাপাশা থেকে লামাকাজী পর্যন্ত সড়কের অবস্থা খারাপ থাকায় এ অংশে গাড়ি চালাতে আমাদের পোহাতে হচ্ছে অনেক দুর্ভোগ।’ বাসচালক খোকন মিয়া বলেন, রামাপাশা থেকে লামাকাজী পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। কিন্তু জীবিকা নির্বাহ করার জন্য তাই আমাদের গাড়ি চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজটি করতে হয়। রামাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, রামাপাশা পর্যন্ত সড়কটির অবস্থা ভালো। অবশিষ্ট অংশ ভেঙে কিছু গর্তের সৃষ্টি হয়েছে। এগুলো সংস্কার করা হলেই জনদুর্ভোগ কমে যাবে। তবে আমতৈল গ্রামের মধ্য দিয়ে যাওয়া সড়কটির অবস্থা আরও করুণ।