বিশ্বনাথে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘১ম ফরহাদ টেলিকম আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন হয়েছে। উপজেলা সদরের জানাইয়া ফুটবল মাঠে ২১ জানুয়ারি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক। বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সিহাব উদ্দিনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিক উদ্দিন আহমদ, রফিক আলী, নুরুল হক, ছুফি মিয়া, ওয়াব আলী, আবদুর রশিদ, সেলিম আহমদ, আবদুল মুকিত, আবদুর রব ও সুলতান আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিহাব উদ্দিন। উদ্বোধনী খেলায় দশঘর ইউনিয়ন ২-১ গোলের ব্যবধানে অলংকারী ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্টে সুয়েব জুটি চ্যাম্পিয়ন: সিলেটের বিশ্বনাথে ২৪ জানুয়ারি নয়াবন্দর বাজারে আয়োজিত দ্বিতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ এম ইলিয়াস আলী।ফাইনাল খেলায় সুয়েব জুটি রামধানা-বাবুল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফজর আলী মেম্বারের সভাপতিত্বে এবং আবদুল লতিফের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোজাহিদ আলী, রজব আলী চেয়ারম্যান, বশির আহমদ, এমরান আহমদ চৌধুরী, হাজি আবদুল করিম, আছদ্দর আলী, চান্দ আলী ও ছোয়াব আলী। বিশ্বনাথে পলো বাওয়া উত্সব পালিত: সিলেটের বিশ্বনাথ উপজেলার পাঁচলা নদীতে ১৮ জানুয়ারি পালিত হলো চিরায়ত বাংলার ঐতিহ্য বার্ষিক ‘পলো বাওয়া’ উত্সব। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে দুপুর পর্যন্ত মনের আনন্দে পলো বাওয়া উত্সবে যোগ দেন ছয় গ্রামের বাসিন্দারা।উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর, উপরেরচক, লামারচক, আজিজনগর, বালুপাড়া, নওধার গ্রামের অধিবাসীরা এ পলো বাওয়া উত্সবে যোগ দেন। উত্সবে যোগ দিতে সকাল থেকে ছেলে-বুড়োসহ তিন শতাধিক মানুষ ছুটে আসে পাঁচলা নদীতে।পলো, ছিটকি জাল, উড়াল জাল, লাঠি জাল, হাত জাল (ঠেলা জাল) দিয়ে পলো বাওয়া উত্সবে গ্রামবাসীর হাতে ধরা পড়া মাছের মধ্যে শোল ও বোয়ালের পরিমাণই ছিল বেশি। অনেকে আবার গজার মাছ ধরতে সক্ষম হয়েছেন।লামারচক গ্রামের প্রবীণ ব্যক্তি কুতুব উদ্দিন জানান, এ উত্সবে যোগ দিতে প্রায় তিন মাস আগে তিনি নিজ হাতে পলো বানিয়েছিলেন।স্থানীয় নাট্যকার কামাল মুন্না বলেন, চিরায়ত বাংলার ঐতিহ্য ধরে রাখতে আমরা প্রতি বছর পৌষ-মাঘে ‘পলো বাওয়া’ উত্সব পালন করে থাকি।