বিশ্বনাথে ইউএনওর গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা
বিএনপির ডাকা টানা তিনদিনের হরতালের দ্বিতীয় দিনে ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি পোড়ানোর ঘটনায় গতকাল বুধবার রাতে মামলা করা হয়েছে। এদিকে হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার অভিযোগে আজ বৃহস্পতিবার আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, গত সোমবার হরতাল চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি পুড়িয়ে দেয় হরতাল সমর্থকেরা। এ ঘটনায় গাড়িচালক বাদী হয়ে গতকাল রাতে বিশ্বনাথ থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।এদিকে, হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে আজ বেলা ১১টার দিকে বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থেকে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন এবং লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন। এর আগে গতকাল রাতে এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল।