বিশ্বনাথে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই
সিলেটের বিশ্বনাথে ৬ ফেব্রুয়ারি উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। ষাঁড়ের লড়াইয়ের চূড়ান্ত প্রতিযোগিতায় উপজেলার হাসনাজির গ্রামের বনরাজ চ্যাম্পিয়ন হয়। সিলেট বিভাগের বিভিন্ন থানা থেকে আসা স্বাধীন বাংলা, আকর্ষণ, শান্তি, মুক্তিযোদ্ধা, টেবরাশাহ, আলমরাজ, ডায়মন্ড, ডায়না, জয়, বনরাজ দুই, পাহাড়িকা, ভরি, জুনেদ বাদশা, জয়বাংলা, আলমরাজ, নাগরাজ, মস্তান, পাহাড়িকাসহ বাহারি নামের প্রায় দুই শতাধিক ষাঁড় এ লড়াইয়ে অংশ নেয়। লড়াই দেখতে আসা যুক্তরাজ্য প্রবাসী গুলজার হোসেন বলেন, দেশে এসেছিলাম আত্মীয়স্বজনকে দেখতে। এ সুযোগে ষাঁড়ের লড়াইয়ের খবর শুনে দেখতে এসেছি।বিজয়ী ষাঁড়ের মালিক ইমান আলী বলেন, আমার ষাঁড়টি (বনরাজ) চ্যাম্পিয়ন হওয়ায় আমি খুব আনন্দিত। পুরস্কার পাওয়া অন্য রকম আনন্দের। আয়োজক কমিটির মোশাহিদ আলী বলেন, ‘আমরা চিরায়ত বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতিবছর ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে থাকি।’