বিশ্বনাথে গরুর বদলে মোরগ দিয়ে কুলখানি
দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স। তাই ১৭ সেপ্টেম্বর বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা গ্রামের মরহুম বশির মিয়ার কুলখানিতে গরুর মাংসের বদলে মোরগের মাংস দিয়ে তৈরি করা হয় শিরনি। আর বিতরণ করা হয় শত শত মানুষের মধ্যে।এ ব্যাপারে মরহুম বশির মিয়ার ছেলে প্রবাসী মানিক মিয়া বলেন, গরুর মাংসের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় অ্যানথ্রাক্সের মতো কঠিন রোগ ছড়াচ্ছে। মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। সেই আতঙ্ক দূর করার জন্য আমার বাবার কুলখানিতে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস দিয়ে শিরনি তৈরি করা হয়েছে।কুলখানিতে আসা ভিক্ষুক কাশেম মিয়া বলেন, প্রায় দুই বছর পর মোরগের মাংস খেতে পারলাম। এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বিশ্বজিৎ বসাক বলেন, বিশ্বনাথে এ পর্যন্ত কোনো গরুর মধ্যে অ্যানথ্রাক্সের লক্ষণ ধরা পড়েনি। তারপরও উপজেলা বিভিন্ন স্থানে গরুকে টিকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার গরুর টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।