বিশ্বনাথে জমি ফেটে চৌচির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় পানির অভাবে বোরো ধানের জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে। নষ্ট হওয়ার পথে কৃষকের হাজার হাজার হেক্টর জমির ধান। এ অবস্থায় হতাশ হয়ে পড়েছে কৃষক।বোরো মৌসুমের আবাদ করা ধান গোলায় তুলতে রাত-দিন মাঠে কঠোর পরিশ্রম করেও শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা। মাঘ-ফাল্গুনের পর চৈত্র মাসেরও প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেলেও বিশ্বনাথের কৃষকেরা পাননি এক পসলা বৃষ্টির দেখা। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও বিশ্বনাথে বৃষ্টি হয়নি। এতে কৃষকদের ধানি জমিগুলো পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, স্থানীয় পুকুর ও খালগুলো ভরাট হওয়ার পাশাপাশি অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় সেচ দেওয়ার মতো পানিও পাচ্ছেন না কৃষকেরা। কোথাও কোথাও আবার পুকুর বা খাল থাকলেও ডিপ টিউবওয়েল ও বিদ্যুৎ না থাকায় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকেরা। অনেক জায়গায় আবার বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে সেচকাজ। এমন অভিযোগ উপজেলার বেশির ভাগ কৃষকের।কৃষক রফিক মিয়া বলেন, কৃষিকে বাঁচাতে হলে দেশের সব কটি নদী ও খালের মতো বিশ্বনাথের নদী ও খালগুলোকে পুনঃখনন করতে হবে। এর পাশাপাশি জমিতে পানি সেচ দেওয়ার জন্য বিদ্যুতের লোডশেডিং কমাতে হবে। কৃষক ইকবাল হোসেন বলেন, প্রতিবছর এমন সময় বৃষ্টি হয়। কিন্তু এ বছর বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। ফলে ফসল নষ্ট হওয়ার পথে। বৃষ্টি না হলে বা জমিতে সেচ দিতে না পারলে ধানের ভালো ফলন পাওয়া যাবে না। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সফর উদ্দিন বলেন, কৃষির উন্নয়নে সেচের ব্যবস্থা করতে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ ও ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করতে হবে।