বিশ্বনাথে দুটি মামলা আট হাজার আসামি গ্রেপ্তার ৫৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিখোঁজ’ বিএনপির নেতা ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথ গতকাল মঙ্গলবার অনেকটা শান্ত ছিল। হরতাল সমর্থনকারী কাউকে মাঠে দেখা যায়নি। হাটবাজারগুলো ছিল প্রায় জনশূন্য।সোমবার হরতাল চলাকালে হামলা ও সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হন। তবে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। পুলিশের ওপর হামলা ও উপজেলা কমপ্লেক্স ভাঙচুরের ঘটনায় বিশ্বনাথ থানায় দুটো মামলা হয়েছে। মামলায় বিশ্বনাথের আট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আট হাজার বিএনপির নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৫৮ জনকে। ইলিয়াসের সন্ধান দাবিতে দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল চলাকালে সোমবার বিশ্বনাথে গুলিতে যুবদলের কর্মী মনোয়ার হোসেনসহ (২৬) দুজন নিহত হন। আহত হন বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) চান মিয়াসহ বিএনপির আরও দুই শতাধিক নেতা-কর্মী। মনোয়ার ছাড়া নিহত অপরজনের পরিচয় গতকাল পাওয়া যায়। তাঁর নাম সেলিম আহমদ (২২)। তিনি বিশ্বনাথের অলঙ্করী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। বাড়ি টেংরা-চানপুর। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ দেখে সেলিমের বাবা তাঁকে শনাক্ত করেন।সেলিমের মা হাসিনা বেগম জানান, তাঁর ছেলে হাজি ইয়াছিনউল্লাহ উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পেশায় রাজমিস্ত্রি ছিলেন। সেলিমের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামসুল ইসলাম নিশ্চিত করেন।বিশ্বনাথ থানা সূত্র জানায়, সোমবারের ঘটনায় মঙ্গলবার রাতে পৃথক দুটি মামলা হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) দেবদুলাল রায় বাদী হয়ে মামলা করেন। এতে ছয় ইউপি চেয়ারম্যানসহ তিন হাজার লোককে আসামি করা হয়। অপরদিকে উপজেলা পরিষদে হামলার ঘটনায় বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে অপর মামলাটি করেন। এতে ছয় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ দুই মামলায় মঙ্গলবার রাতে ঘটনাস্থল থেকে ১৬ জন এবং গতকাল ৪২ জনসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলার আট ইউনিয়নের মধ্যে সাতটির চেয়ারম্যান বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বাকি একজন জামায়াতের রাজনীতি করেন। এঁরা হচ্ছেন বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন আহমদ, রামপাশা ইউপি চেয়ারম্যান ও সহসভাপতি আনোয়ার খান, দশঘর ইউপি চেয়ারম্যান ও সহসভাপতি শফিকউদ্দিন আহমদ, অলঙ্করী ইউপি চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক লিলু মিয়া, লামাকাজি ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ওরফে দলা মিয়া ও খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির নিজামউদ্দিন সিদ্দিকী, দেওকলস ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি তহিদ মিয়া।মামলার প্রতিক্রিয়ায় বিএনপির নেতা জালালউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশই বাড়াবাড়ি করে পরিস্থিতি উত্তপ্ত করেছে। এখন মামলা করে আমাদের নেতাকর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি তল্লাশির নামে হয়রানি করছে। এ নিয়ে আমরা অচিরেই আন্দোলনে নামব।’ তদন্ত কমিটি: পুলিশের সিলেট রেঞ্জের উপমহাব্যবস্থাপকের (ডিআইজি) দপ্তর থেকে বিশ্বনাথের ঘটনা তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত দলকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিন সদস্যের তদন্ত দল গতকাল থেকেই কাজ শুরু করেছে। জনশূন্য বিশ্বনাথ: সোমবারের তুলনায় গতকালের বিশ্বনাথের দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। হরতালের পক্ষ-বিপক্ষে কোনো তৎপরতা ছিল না। উপজেলা পরিষদ, থানা এলাকার আশপাশসহ কেন্দ্রস্থলগুলোতে বিজিবির সাঁজোয়া যানের টহল, অতিরিক্ত পুলিশ ও র‌্যাবের সতর্ক পাহারা ছিল। গতকাল দুপুরে উপজেলা ঘুরে মানুষজনের মধ্যে উদ্বেগ লক্ষ করা যায়। আইসক্রিম-বিক্রেতা দাদন মিয়ার প্রশ্ন, ‘আমরার মতো মইনষের ঘরে পাঁচ দিন ধারি খানি নাই। হরতাল আরও হইলে খাওন দিব কে?’ বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক মনে করেন, শান্তিপূর্ণ সহাবস্থান ছাড়া পরিস্থিতির উন্নতি করা যাবে না। তিনি বলেন, ইলিয়াস আলীর উদ্ধারে সম্মিলিত সহযোগিতার প্রয়োজন। লাগাতার হরতাল আর হরতালের নামে সরকারি সম্পদ ভাঙচুর ও অগ্নিসংযোগ কারও জন্য কাম্য নয়।’ ‘হত্যার তদন্ত চাই’: পরিচয় পাওয়ার পর গতকাল নিহত সেলিমের বাড়িতে গেলে তাঁর মা হাসিনা বেগম জানান, তাঁর তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সেলিম তৃতীয়। বড় ছেলে সুমন আহমদ ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। ছয় মাস আগে ঢাকায় সন্ত্রাসী হামলায় মারা গেছেন। তিনি বলেন, ‘বিচার তো চাইতাম, কার কাছে চাইতাম?’ এদিকে সোমবার নিহত মনোয়ারের বড় ভাই দেলোয়ার হোসেন তাঁর ভাই হত্যার কারণ খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত দাবি করছেন। মামলা করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাই গুলিতে মারা গেছে। তাঁকে গুলির মুখে দাঁড় করিয়ে দেওয়ার পেছনে আমরা শুনেছি স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর হাত ছিল। এ ব্যাপারে আমি নিরপেক্ষ তদন্ত চাই।’সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বিকেলে নিহত মনোয়ার ও সেলিমের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আহতদের অবস্থা: হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে যুবদলের কর্মী জাকির হোসেন চিকিৎসাধীন। পেশায় তিনি রিকশাচালক। তাঁর শরীরে দুই দফা অস্ত্রোপচার হয়েছে। শয্যাপাশে গেলে তিনি জানান, পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় পায়ে বুলেটবিদ্ধ হন। শেষে পুলিশই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশের নায়েক সাধন চাকমার মাথায় ও হাতে দুটো অস্ত্রোপচার শেষে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।