সিলেটের বিশ্বনাথে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের জন্য পরিস্থিতি সামাল দিতে পুলিশের ব্যর্থতাকেই দায়ী করা হয়েছে। পুলিশের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে সংঘর্ষে ঘটনাস্থলে দুজন এবং পরবর্তী সময়ে আহত একজনের মৃত্যুর জন্য সরাসরি পুলিশকে দায়ী না করে বলেছে, আত্মরক্ষার্থেই পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।গত সোমবার সংঘর্ষের পরদিন পুলিশের সিলেট রেঞ্জের উপমহাব্যবস্থাপকের (ডিআইজি) তদারকিতে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত শুক্রবার রাতে সিলেটের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়ার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবেদনে বিশ্বনাথ থানা পুলিশের ব্যর্থতার বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, ২২ এপ্রিল হরতাল সমর্থনকারীরা বিশ্বনাথ থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনার জের ধরে পরদিন পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকলেও পুলিশ সতর্কতামূলক কোনো পদক্ষেপ নেয়নি। ২৩ এপ্রিল উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি বিশ্বনাথের আটটি ইউনিয়ন পরিষদ এলাকায় মাইকযোগে প্রচার করা হলেও ওই দিন উপজেলা পরিষদের সামনে ১৭ থেকে ১৯ জন পুলিশ সদস্য কর্তব্যরত ছিলেন। এই অবস্থায় উপজেলা পরিষদমুখী সাত থেকে আট হাজার বিক্ষুব্ধ মানুষকে সামাল দিতে তাঁরা ব্যর্থ হন। এরপর স্বাভাবিকভাবে পরিস্থিতি সংঘাতের দিকে মোড় নেয়। তদন্ত প্রতিবেদনে আহত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের হাতে প্রহূত হয়েছেন বলে উল্লেখ করা হলেও নিহত তিনজনের মৃত্যুর কারণ এড়িয়ে যাওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের ওপর আক্রমণে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়ে। একপর্যায়ে কর্তব্যরত পুলিশ সদস্যের কাছে সংরক্ষিত প্রতিরক্ষামূলক ব্যবস্থার মজুদও শেষ হয়ে যায়। তখন আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ পরিস্থিতি মোকাবিলায় বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ব্যর্থতা বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।যোগাযোগ করা হলে ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া তদন্ত প্রতিবেদন হস্তগত হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তবে তদন্ত প্রতিবেদনসংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। প্রতিবেদনে পুলিশের ব্যর্থতাকে দায়ী করা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদনে কী বলা হয়েছে, আমি এখনো জানি না।’প্রশাসনের তদন্ত: উপজেলা প্রশাসনের ১৮ দপ্তর তছনছ করে মূল্যবান নথিপত্রে অগ্নিসংযোগ ও দপ্তর ভাঙচুরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িসহ সাতটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির সদস্যরা গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিন তদন্ত করেছেন। তদন্ত প্রতিবেদন ১০ দিনের মধ্যেই দাখিল করা হবে জানিয়ে কমিটির প্রধান এ ডি এম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরেজমিন তদন্তে প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন ঘটনার সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির বিষয়টি চূড়ান্ত করা হবে।’