‘হায় রে পেনা (কচুরিপানা) জমার আর সময় পাইল না, মাছ ধরার পরে যদি জমা অইত- তেত আমরার মাছ ধরাটা অইজাইত।’ কথাগুলো বলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি গ্রামের ইকবাল হোসাইন। এ বছর কচুরিপানার কারণে গ্রামের বড় বিলে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী পলো বাওয়া উত্সব পালন করতে না পারার কারণে এ কথাগুলো বলেন।উল্লেখ্য, ২০০ বছর আগে থেকে উপজেলার গোয়াহরি গ্রামের লোকজন বাংলা সালের প্রতি ১ মাঘ ও ইংরেজি সালের ১৪ জানুয়ারি চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী বার্ষিক ‘পলো বাওয়া’ উত্সব পালন করে আসছেন। পূর্বপুরুষদের মতো আনন্দচিত্তে গ্রামের লোকজন এ উত্সব পালন করত। কিন্তু এবারই প্রথম বার্ষিক পলো বাওয়া উত্সবে বাদ সাধল কচুরিপানা। তাই এবার আর পালিত হলো না পলো বাওয়া উত্সব।পুরোনো দিনের এ উত্সবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এসেও যোগ দিতেন। এমনকি এ বছরের এ দিনটিতে গ্রামের মহিলারা স্বামী-সন্তানদের নিয়ে বেড়াতে আসতেন। কিন্তু এ বছর পলো বাওয়া না হওয়ার কারণে তাঁদের কেউ আসেননি। প্রতিবছরই পলো বাওয়া উত্সবের আনন্দটা যুবক-বৃদ্ধের চেয়ে ছোট শিশুদের মধ্যেই একটু বেশি দেখা যেত। আর পলো বাওয়া না হওয়ার কারণে সবারই মনে নেই কোনো আনন্দের ছোঁয়া।গ্রামের ব্যবসায়ী আব্দুস সোবহান মোল্লা বলেন, আমরা প্রায় ২০০ বছর ধরে এ উত্সব পালন করে আসছিলাম। কিন্তু এ বছর কচুরিপানার পূর্বপুরুষের রেখে যাওয়া ঐতিহ্য এ উত্সব পালন সম্ভব হয়নি।